আর্জেন্টিনাকে নিয়ে কী বললেন যুক্তরাষ্ট্রের কোচ?
বিশ্বকাপে দারুণ ছন্দে আছে যুক্তরাষ্ট্র। দাপটে সঙ্গে পার করেছে শেষ বত্রিশের বাধা। বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শুধু নকআউট নিশ্চিতই করেনি তারা, গড়েছে নতুন ইতিহাসও। সামনে এখনও অনেক পথ বাকি। তবে সেসব ছাপিয়ে হঠাৎ আলোচনায় যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো।
বসনিয়া ম্যাচ শেষে সান ফ্রান্সিসকো বে এরিয়ার দর্শকভর্তি স্টেডিয়ামে ভেসে ওঠে জন ডেনভারের জনপ্রিয় গান ‘টেক মি হোম, কান্ট্রি রোডস’ গানটি। খেলোয়াড়দের সঙ্গে সেই গান গাইতে দেখা যায় পচেত্তিনোকেও। যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে ধীরে ধীরে মিশে যাওয়া এই কোচ কান্ট্রি মিউজিক থেকে শুরু করে স্থানীয় খাবারের প্রতিও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন সময়।
নিজের পরিচয় নিয়ে অবশ্য তার অবস্থান একেবারেই স্পষ্ট। সংবাদ সম্মেলনে যখন তাকে আর্জেন্টাইন শিকড় নিয়ে প্রশ্ন করা হয়, পচেত্তিনো হাসিমুখে জবাব দেন— ‘আমি মনেপ্রাণে ২০০ শতাংশ আর্জেন্টাইন।’
পচেত্তিনোর বিশ্বাস, নিজ দেশের (আর্জেন্টিনা) ফুটবল দর্শন ও যুক্তরাষ্ট্রের লড়াকু মানসিকতার সমন্বয়ই এই বিশ্বকাপে তার দলের (যুক্তরাষ্ট্র) সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।
এই পরিবর্তনের বিষয়টি তুলে ধরেছেন সাংবাদিক বেন জ্যাকবসও। তার মতে, পচেত্তিনো এমন একটি দল গড়ে তুলেছেন, যাদের বোঝাপড়া ও পারস্পরিক বিশ্বাস এতটাই দৃঢ় যে জাতীয় দলের চেয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলা কোনো ক্লাব দল বলেই বেশি মনে হয়।
বসনিয়ার সঙ্গে মধ্য দিয়ে পচেত্তিনো একটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে এটি তার তৃতীয় জয়, যা তাকে ছাড়িয়ে দিয়েছে ব্রুস অ্যারেনার রেকর্ডকে। মাত্র চার ম্যাচেই তিনি দেশটির বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল কোচের আসনে বসেছেন।

স্পোর্টস ডেস্ক