তারকা ফুটবলার ডেনজেল ডামফ্রিসের সঙ্গে জড়িয়ে আছে যে ইতিহাস
নেদারল্যান্ডসের তারকা ফুটবলার ডেনজেল ডামফ্রিস। বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ-সব বড় মঞ্চেই আলো ছড়িয়েছেন তিনি। তবে তার নামের একটি অংশ নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌতূহল রয়েছে।
‘ডামফ্রিস’ নামটি স্কটল্যান্ডের একটি শহরের সঙ্গে মিলে যাওয়ায় প্রশ্ন উঠেছে, এই নামের পেছনের গল্প কী?
ডামফ্রিসের প্রথম নামটি রাখা হয়েছিল হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের নাম অনুসারে। তবে তার পদবি বা ‘ডামফ্রিস’ নামের ইতিহাস আরও গভীর এবং জটিল, যার শিকড় ক্যারিবীয় অঞ্চলে।
পরিবার সূত্রে জানা যায়, এই নামের শুরু সুরিনাম থেকে। ঔপনিবেশিক আমলে সেখানে এক দাস ব্যক্তির নাম ছিল ‘ডামফ্রিস’। ১৮৬৩ সালে দাসপ্রথা বিলুপ্তির পর নিবন্ধনের সময় সেই নামটিই পরিবারের পদবি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে ডামফ্রিস পরিবারের সদস্যরা সুরিনাম থেকে ক্যারিবীয় দ্বীপ আরুবায় চলে যান। সেখানে ধীরে ধীরে এই পদবিটি বেশ পরিচিত হয়ে ওঠে এবং বর্তমানে আরুবায় এই নামধারীদের সংখ্যা উল্লেখযোগ্য।
ডেনজেল ডামফ্রিসের দাদা ১৯৪০-এর দশকে আরুবায় বসতি স্থাপন করেন এবং সেখান থেকেই পরিবারের বিস্তার ঘটে। পরবর্তী প্রজন্মের অনেকেই বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ডামফ্রিস এখন আন্তর্জাতিক ফুটবলের পরিচিত মুখ। তবে তার নামের ভেতর লুকিয়ে আছে ইতিহাস, দাসপ্রথা, অভিবাসন এবং সংস্কৃতির দীর্ঘ যাত্রা।
একদিকে স্কটল্যান্ডের একটি শহরের নাম, অন্যদিকে ক্যারিবীয় অঞ্চলের পারিবারিক পরিচয়— এই দুইয়ের সংযোগ বহন করে চলেছেন ডেনজেল ডামফ্রিস। ফুটবল মাঠে প্রতিবার তার নাম ভেসে উঠলেই যেন সেই ইতিহাসও নতুন করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

স্পোর্টস ডেস্ক