কলম্বিয়ার স্বপ্ন ভেঙে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ অধ্যায়ে লেখা হলো নতুন ইতিহাস। গোলহীন ১২০ মিনিটের পর টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী দ্বৈরথে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ আটে ওঠা সুইসদের সামনে এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ।
কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া শেষ ষোলোর এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত ৩০ মিনিটেও সমতা ভাঙতে ব্যর্থ হয় দুই দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় সুইজারল্যান্ড। জয়সূচক শটটি জালে পাঠিয়ে নায়ক বনে যান রুবিন ভার্গাস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল কলম্বিয়া। ২১তম মিনিটে গুস্তাভো পুয়ের্তার দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল।
এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে সুইজারল্যান্ড। ২৯তম মিনিটে ফাবিয়ান রিডারের জোরালো শট চমৎকারভাবে ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। চার মিনিট পর ড্যান এনদোয়ের শটও দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধেও সতর্ক ফুটবল খেলেছে দুই দল। মাঝমাঠের লড়াইয়ে সময় কেটেছে বেশি। পরিষ্কার গোলের সুযোগ তৈরি হয়েছে হাতে গোনা। নির্ধারিত ৯০ মিনিটে সুইজারল্যান্ড ৫২ শতাংশ বলের দখল ধরে রাখে, কলম্বিয়ার ছিল ৪৮ শতাংশ। দুই দল মিলিয়ে ১৩টি আক্রমণ গড়ে তোলে। এর মধ্যে কলম্বিয়ার ৭টি এবং সুইজারল্যান্ডের ৬টি। লক্ষ্যে দুটি করে শট রাখতে সক্ষম হয় উভয় দল।
যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। ডানপ্রান্ত থেকে ড্যান এনদোয়ের নিচু ক্রসে অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি সেড্রিক ইটেন। তাতে নির্ধারিত সময়ে গোলের অপেক্ষা আরও দীর্ঘ হয়।
অতিরিক্ত সময়েও ছিল টানটান উত্তেজনা। ১০৪তম মিনিটে জেকি আমদুনির জোরালো শট দুর্দান্ত সেভে ঠেকিয়ে দেন কামিলো ভার্গাস। এরপর ১১৬তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করে কলম্বিয়া। জ্যামিন্টন কাম্পাজ ফাঁকা সুযোগ পেয়েও পোস্টের অনেক ওপর দিয়ে শট মারেন। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে স্নায়ুর লড়াইয়ে এগিয়ে থাকে সুইজারল্যান্ড। ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটায় সুইসরা। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে তারা।
আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। সেই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড অথবা নরওয়ের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক