কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড
নকআউট ম্যাচ মানেই বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সেই উত্তাপ থাকে আরও বেশি। কিন্তু এমন সময়ে এসে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। লাল কার্ড দেখার পর দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তরুণ ডিফেন্ডার জারেল কুয়ানসাহ।
বৃহস্পতিবার কুয়ানসার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৫৪তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার হেসুস গালিয়ার্দোর ওপর স্লাইডিং ট্যাকল করেন তিনি। পরে ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই জয়ের পরই আসে দুঃসংবাদ।
দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে কুয়ানসাহ শুধু কোয়ার্টার ফাইনাল নয়, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে সেই ম্যাচেও খেলতে পারবেন না। দল ফাইনালে উঠতে পারলেই কেবল আবার মাঠে নামার সুযোগ পাবেন এই ২৩ বছর বয়সী ডিফেন্ডার।
আগেই চোটের কারণে স্কোয়াডে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ইংল্যান্ডের রক্ষণভাগে। রিস জেমস এখনও পুরোপুরি ফিট নন। ফলে কুয়ানসাহর নিষেধাজ্ঞা ইংল্যান্ডের রক্ষণভাগে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ম্যাচে (১২ জুলাই) নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। প্রতিপক্ষ দলে রয়েছেন দারুণ ফর্মে থাকা আর্লিং হলান্ড। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রক্ষণভাগের এই সংকট ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

স্পোর্টস ডেস্ক