আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে যা বললেন স্পেন কোচ
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি ঘিরে বিতর্ক যেন থামছেই না। ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত মিসরের বিপক্ষে যাওয়ায় তাদের কোচ ও খেলোয়াড়রা ক্ষোভ উগরে দিয়েছেন। ফুটবল বিশ্বের এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার মুখ খুলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ম্যাচটিতে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় মিসর। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েরের কিছু সিদ্ধান্ত নিয়ে ম্যাচজুড়ে ছিল চরম নাটকীয়তা। এসব বিষয়ে প্রশ্ন করা হলে স্পেন কোচ দে লা ফুয়েন্তে কিছুটা অবাকই হয়েছেন।
ডিএডেজএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে আমাকে কেন প্রশ্ন করছেন, তা আমি বুঝতে পারছি না। আমার কাছে রেফারিকে ঘিরে এই বিতর্কের কোনো যৌক্তিক ভিত্তিই নেই।’
ম্যাচটি নিজে দেখেছেন উল্লেখ করে স্পেনের এই কোচ আরও বলেন, ‘আমি পুরো খেলাটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে রেফারির প্রতিটি সিদ্ধান্তই সঠিক ছিল। আমি মনে করি, ওই ম্যাচে দারুণ কাজ করেছেন রেফারি, তার সিদ্ধান্তগুলোকে আমি শতভাগ নির্ভুল বলব।’
এদিকে, রেফারিং নিয়ে চলমান এই বিতর্কের জেরে বিবৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, রেফারিদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ম্যাচ পরিচালনায় প্রভাব বিস্তার করেন না।
কোলিনা বলেন, ‘ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা থাকতেই পারে, কিন্তু ভিত্তিহীন অভিযোগ তোলা কোনোভাবেই কাম্য নয়। রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাদের ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য।’
তিনি আরও যোগ করেন, ‘ফিফার ম্যাচ কর্মকর্তারা সবসময় স্বাধীনভাবে এবং সততার সঙ্গে কাজ করেন। ফিফা সভাপতি ইনফান্তিনো কখনোই রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করেননি, বরং তিনি আমাদের সব সময় স্বাধীনভাবে কাজ করার পূর্ণ সমর্থন ও আস্থা দিয়ে এসেছেন। ভুল-ত্রুটি মানুষের থাকতেই পারে, তবে ম্যাচ পরিচালনায় আমরা সবসময় সেরাটাই দেওয়ার চেষ্টা করি।’

স্পোর্টস ডেস্ক