আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা
মিসরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির দাবি, তাদের একটি ইমেইল অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকেই সাংবাদিকদের কাছে ভুয়া বার্তা পাঠিয়ে আর্জেন্টিনার জয়কে দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল বলে দাবি করা হয়েছে।
এএফএর এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইমেইলগুলো তাদের পক্ষ থেকে পাঠানো বা অনুমোদিত নয়। অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো ইমেইল, বিশেষ করে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া বার্তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কাইয়ে জানিয়েছে, ওই ইমেইলে দাবি করা হয় আর্জেন্টিনা প্রকৃতপক্ষে ম্যাচ জেতেনি, বরং রেফারিদের দুর্নীতিগ্রস্ত সিদ্ধান্তের কারণেই জয় পেয়েছে। একই সঙ্গে মিসরের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়। এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এরপর মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও দায়িত্বে থাকা পুরো অফিশিয়াল দলকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায়। তাদের অভিযোগ, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখানো হয়েছে।
ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, তার দল অন্যায়ের শিকার হয়েছে এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক