ফিফা ও রেফারিদের সিদ্ধান্তে ক্ষোভ ইংল্যান্ড কোচের
বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয় পেলেও স্বস্তিতে নেই ইংল্যান্ড শিবির। ডিফেন্ডার জারেল কোয়ানসাহর এক ম্যাচের নিষেধাজ্ঞা বাড়িয়ে দুই ম্যাচ করায় ফিফার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন দলটির কোচ টমাস টুখেল।
শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেন কোয়ানসাহ। আজতেকা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে হেসুস গ্যালার্দোর গোড়ালিতে কঠোর ট্যাকল করার পর ভিএআর রিভিউয়ের মাধ্যমে তাকে মাঠ ছাড়তে হয়। সাধারণত এ ধরনের লাল কার্ডের শাস্তি এক ম্যাচ হলেও, ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে নিষেধাজ্ঞা বাড়িয়ে দুই ম্যাচ করা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট ব্যাখ্যা পায়নি ইংল্যান্ড দল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে টুখেল জানান, তারা এখনো ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাননি। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তার সমালোচনার কারণে শাস্তি বাড়ানো হয়েছে কি না, এমন প্রশ্নও উঠেছে। যদিও এই ধারণা নাকচ করে দিয়েছেন ইংল্যান্ড কোচ।
এর আগে ম্যাচ শেষে রেফারিংয়ের মান নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন টুখেল। তিনি জানান, ম্যাচ পরিচালনার মান সন্তোষজনক নয় এবং ভিএআরের হস্তক্ষেপ সবসময় গ্রহণযোগ্য ছিল না। বিশেষ করে মেক্সিকোর পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এদিকে বিতর্কের মাঝেও দলকে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন টুখেল। তার মতে, মেক্সিকোর বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ হলেও সেটি কেবল একটি ধাপ। আসল লক্ষ্য এখন কোয়ার্টার ফাইনাল জয় করে সেমিফাইনালে পৌঁছানো।
নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোয়ানসাহর নিষেধাজ্ঞা ইংল্যান্ডের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। তবুও দলের খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার ওপর জোর দিয়েছেন কোচ। তিনি মনে করেন, কঠিন পরিস্থিতিতেও দল যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, সেটিই তাদের আত্মবিশ্বাস জোগাবে।
বাংলাদেশ সময় আজ শনিবার (১১ জুলাই) দিনগত রাত তিনটায় মায়ামিতে কোয়ার্টার ফাইনালে আর্লিং হলান্ডের নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক