সুইজারল্যান্ড ম্যাচের একাদশ ঘোষণা আর্জেন্টিনার
শিরোপা ধরে রাখার লক্ষ্যে জয়ের কোনো বিকল্প নেই আর্জেন্টিনার সামনে। তার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। সুইজদের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশ ঘোষনা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। যেখানে নেই কোনো চমক।
আজ রোববার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাসে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। টেলিভিশনে খেলা যাবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভিতে।
শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে দারুণ লড়াই করেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। তবে হাল ছাড়েনি বর্তমান চ্যাম্পিয়নরা। শেষের ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড করে দেয় মিসরকে। জয় তুলে নেয় ৩-২ গোলের।
মিসরের বিপক্ষে অবিশ্বাস্য সেই প্রত্যাবর্তনের পরে নিশ্চিতভাবেই ফুটবলারদের আত্মবিশ্বাস আরও অনেকখানি বেড়েছে। তাই সেই ফুটবলারদের ওপরই ভরসা রেখেছেন স্কালোনি। অর্থাৎ মিসরের ম্যাচের শুরুর একাদশে কোনো পরিবর্তন না এনেই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে তারা।
এদিকে, সুইজারল্যান্ড তাদের সর্বশেষ ম্যাচের শুরুর একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। কলম্বিয়া ম্যাচের শুরুতে থাকা মিডফিল্ডার অ্যারডন জাশারির জায়গায় জিব্রিল সো–কে শুরুর একাদশে সুযোগ দিয়েছেন কোচ মুরাত ইয়াকিন।
আর্জেন্টিনার একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
সুইজারল্যান্ডের একাদশ : গ্রেগর কোবেল, ডেনিস জাকারিয়া, নিকো এলভেদি, ম্যানুয়েল আকানজি, রিকার্ডো রদ্রিগেজ, রেমো ফ্রেউলার, গ্রানিত জাকা, ড্যান এনদোয়ে, জিব্রিল সো, ফ্যাবিয়ান রাইডার ও ব্রিল এমবোলো।

স্পোর্টস ডেস্ক