সমতা ফিরিয়ে সেমিফাইনালের লড়াই জমিয়ে তুলল সুইজারল্যান্ড
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবারও জমে উঠেছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সুইসরা।
ম্যাচের ৬৮তম মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। আক্রমণের ধারাবাহিকতা থেকে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন দান এনদোয়ে। তার গোলে ১-১ সমতায় ফেরে সুইসরা।
প্রথমার্ধের ১০ মিনিটে কর্নার থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে সমতা ফিরিয়ে ম্যাচে নতুন প্রাণ ফেরায় সুইজারল্যান্ড।
সমতায় ফেরার পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। ফলে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, আর সেমিফাইনালের টিকিট নির্ধারণে শেষ সময়ের লড়াই জমে ওঠে।
এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ফল মেলে দশম মিনিটে। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে কাছের পোস্টে দারুণ এক হেডে বল জালে জড়ান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। আর আনন্দে ফেটে পড়ে গ্যালারিতে থাকা হাজারো আর্জেন্টাইন সমর্থক।
এই গোলটি শুধু আর্জেন্টিনাকে এগিয়েই দেয়নি। মেসির নামের পাশেও যুক্ত করেছে নতুন এক ইতিহাস। ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের অনন্য মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলে সরাসরি অবদান পৌঁছে যায় ২৮টিতে।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় সুইজারল্যান্ড। তবে আর্জেন্টিনার সংগঠিত রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি সুইসরা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

স্পোর্টস ডেস্ক