ইংল্যান্ড ম্যাচের উত্তাপ নিয়ে কী ভাবছেন স্কালোনি?
বিশ্বজয় থেকে দুই পা দুরত্বে আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে লড়াই করে জয়ের পর তাদের সামনে এখন ইংল্যান্ড। তাতেই আলোচনা বিশ্বজুড়ে। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মহারণের আগে উত্তেজনার পারদ চড়ছে। মাঠে নামার আগেই শুরু হয়েছে ইতিহাস, আবেগ আর মানসিক চাপের লড়াই।
১৯৮৬ বিশ্বকাপের স্মৃতি থেকে শুরু করে দুই দলের পুরোনো দ্বৈরথ, সবকিছুই আবার আলোচনায়। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি চান, অতীত নয়, এবার কথা বলুক শুধু ফুটবল।
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর স্কালোনি বলেন, ‘এটি একটি ফুটবল ম্যাচ। আমার বার্তা এটাই, এটি একটি ফুটবল ম্যাচ। এটুকুই বলতে পারি।’
ইংল্যান্ডের শক্তির প্রশংসা করে আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘আমরা খুব কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলব। তাদের অসাধারণ একজন কোচ আছেন। কিন্তু এটি একটি ফুটবল ম্যাচ এবং এর বাইরে আর কিছু নয়।’
ইংল্যান্ড-আর্জেন্টিনার লড়াইয়ের ইতিহাসে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বিশেষভাবে স্মরণীয়। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলসহ তার দুই গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের স্মৃতি এখনও দুই দেশের ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয়।
দুই দেশের সম্পর্কের সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুও জড়িয়ে আছে। ১৯৮২ সালের যুদ্ধের কারণে ইংল্যান্ড-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতায় বাড়তি আবেগ যোগ হয়েছে। তবে স্কালোনি চান, এসব বিষয় মাঠের বাইরেই থাকুক এবং সেমিফাইনালে মূল গুরুত্ব পাক খেলোয়াড়দের পারফরম্যান্স।

স্পোর্টস ডেস্ক