বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রির সিদ্ধান্ত ফিফার
বিশ্বকাপ শেষ হওয়ার পর কীভাবে আয় বাড়ানো যায়, সেই পথ খুঁজছে ফিফা। এবার ফাইনাল ম্যাচে ব্যবহৃত মাঠের ঘাসকেই সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রির ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানিয়েছে, ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাসের ছোট অংশ ৪৫০ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫৬ হাজার টাকা থেকে বিক্রি শুরু হবে।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যা টুর্নামেন্ট চলাকালে নিউ জার্সি বা নিউ ইয়র্ক স্টেডিয়াম নামে পরিচিত। এই ভেন্যুর জন্য নতুন প্রাকৃতিক ঘাস বসানো হলেও টুর্নামেন্ট চলাকালে এর মান নিয়ে খেলোয়াড় ও কোচদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। কারণ, স্টেডিয়ামটি সাধারণত এনএফএলের নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটসের ম্যাচে কৃত্রিম টার্ফ ব্যবহার করে।
দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাস বিক্রি করে ফিফা ১ কোটি ১০ লাখ ডলারেরও বেশি আয় করতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকার সমান।
ফিফার অফিসিয়াল স্টোরে জানানো হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ইতিহাসের একটি আসল অংশ নিজের সংগ্রহে রাখুন। ফাইনালের মাঠের আসল ঘাস বিশেষ অ্যাক্রিলিক কেসে সংরক্ষণ করা হবে, যার সঙ্গে থাকবে একটি ইউএসবি স্মারক।
প্রতিটি ঘাসের অংশ একটি প্রিমিয়াম বক্সে দেওয়া হবে, যেখানে থাকবে সত্যতা যাচাইয়ের নিরাপত্তা ফিল্ম ও বিশেষ ইউভি ডিজাইন। তবে এই স্মারক আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় পাঠানো হবে এবং ফাইনাল শেষ হওয়ার আগে কোনো অর্ডার সরবরাহ করা হবে না।
সবচেয়ে দামী সংস্করণের মূল্য ধরা হয়েছে তিন হাজার ডলার। এতে থাকবে ৩×৩ ইঞ্চি আকারের ঘাসের অংশ, ফাইনালের প্রতিরূপ টিকিট, বিশ্বকাপ বলের ক্ষুদ্র সংস্করণ এবং স্ফটিকের তৈরি ট্রফির প্রতিরূপ।
এছাড়া অন্যান্য সংস্করণের দাম রাখা হয়েছে ৪৫০, ৯০০ ও এক হাজার ২০০ ডলার। প্রতিটি মূল্যস্তরে সর্বোচ্চ দুই হাজার ২৬টি করে স্মারক বিক্রি করা হবে।
জানা গেছে, ফাইনালের জন্য ব্যবহৃত ঘাস যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি টার্ফ ফার্মে উৎপাদন করা হয়েছে। বিশ্বকাপের সব ভেন্যুতেই সমান মান নিশ্চিত করতে নতুন প্রাকৃতিক ঘাস বসানো হয়েছে, এমনকি যেসব স্টেডিয়ামে আগে কৃত্রিম টার্ফ ব্যবহৃত হতো সেখানেও।
ফাইনাল ছাড়া অন্য ভেন্যুগুলোর ঘাসের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।

স্পোর্টস ডেস্ক