সেমিফাইনালের আগে কথার লড়াইয়ে ফ্রান্স-স্পেন
স্পেনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর ফ্রান্স। লামিনে ইয়ামালের মন্তব্য ঘিরে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই দলের হয়ে দৃঢ় বার্তা দিলেন ইব্রাহিমা কোনাতে। ফরাসি এই ডিফেন্ডারের ভাষায়, কাউকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। তবে স্পেনকে শুধু একজন ফুটবলারের দল ভাবার ভুলও করবে না ফ্রান্স।
বোস্টনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনাতে বলেন, স্পেনকে ঠেকানোর পরিকল্পনা কোনো একজন খেলোয়াড়কে ঘিরে নয়। বর্তমান স্প্যানিশ দলে এমন অনেক ফুটবলার আছেন, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তাই আমাদের লক্ষ্য শুধু লামিনে ইয়ামালকে থামানো নয়, পুরো দলকে নিয়ন্ত্রণে রাখা।
সম্প্রতি ইয়ামাল বলেছিলেন, ‘যদি কেউ ভয় পায়, তাহলে ফ্রান্সেরই পাওয়া উচিত। ইউরোতে আমরা তাদের হারিয়েছি।’
তবে সেই মন্তব্যকে তেমন গুরুত্ব দিচ্ছেন না কোনাতে। তিনি বলেন, ‘ম্যাচের আগে অনেক কথাই বলা হয়। আমরা সেসব নিয়ে ভাবি না। আমরা কাউকে ভয় পাই না। আমাদের মনোযোগ শুধু নিজেদের প্রস্তুতি এবং মাঠে সেরাটা দেওয়ার দিকে।’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো নিজের অনুভূতির কথাও জানান এই ফরাসি ডিফেন্ডার। স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব। ওই জার্সি গায়ে না চাপানো পর্যন্ত এর মাহাত্ম্য পুরোপুরি উপলব্ধি করা যায় না।’
স্পেনের বিপক্ষে আগের পরাজয়ের ব্যাখ্যাও দিয়েছেন কোনাতে। তার মতে, সেই ম্যাচে ফ্রান্সের রক্ষণভাগে একসঙ্গে প্রথমবার খেলছিলেন এমন কয়েকজন ফুটবলার ছিলেন। ফলে বোঝাপড়ার ঘাটতি ছিল। যার প্রভাব পড়েছিল পুরো ম্যাচে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতায় দল এখন অনেক বেশি সংগঠিত এবং আত্মবিশ্বাসী।
ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দুই দলের কথার লড়াই ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। তবে কোনাতের বিশ্বাস, ম্যাচের আগে বলা কথার চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে।

স্পোর্টস ডেস্ক