কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, জানাল সুপারকম্পিউটার
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ এখন শেষের পথে। কয়েকটি পর্ব শেষ করে এখন অপেক্ষা সেমিফাইনাল আর ফাইনালের। আসর জুড়ে নিজেদের সেরা প্রমাণ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন আর ফ্রান্স। এই চার দল থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল।
এবারের বিশ্বকাপে বিভিন্ন ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছে ফুটবল বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান ‘দ্যা অ্যানালিস্ট।’ প্রতিটি ম্যাচের আগে গাণিতিক হিসাব প্রকাশ করে আসছে ‘দ্যা অ্যানালিস্ট’ এর অপ্টা সুপারকম্পিউটার। ফাইনালের আগেও তেমনই একটি হিসাব প্রকাশ করেছে তারা।
সুপারকম্পিউটারের হিসাবে, এবারের আসরে শিরোপা জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ২০২২ কাতার বিশ্বকাপের রানার্সাআপ ফ্রান্সের। আর সবচেয়ে কম সম্ভাবনা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
কিলিয়ান এমবাপ্পে-ওসমান দেম্বেলেদের দারুণ পারফরম্যান্সে রীতিমতো উড়ছে ফ্রান্স। টানা তিনটি ফাইনাল খেলার হাতছানি ফ্রান্সের সামনে। শিরোপা জয়ের ক্ষেত্রেও এগিয়ে তারাই। ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৩.৫৮ শতাংশ।
শিরোপা জয়ের পথে সুপারকম্পিউটার দ্বিতীয়স্থানে রেখেছে স্পেনকে। পুরো টুর্নামেন্ট জুড়ে মাত্র একটি গোল হজম করা স্প্যানিশদের শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৮৪ শতাংশ।
সুপারকম্পিউটারের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৬০ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখা থ্রি-লায়ন্সদের সম্ভাবনা ধরা হয়েছে ২২.৬২ শতাংশ।
সেমিফাইনালিস্ট চার দলের মধ্যে শিরোপা জয়ের সবচেয়ে কম সম্ভাবনা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আলবিসেলেস্তেদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনা ১৯.৬৬ শতাংশ।

স্পোর্টস ডেস্ক