ফ্রান্স-স্পেন লড়াইয়ে যাদের এগিয়ে রাখছেন ফরাসি কোচ
কেউ কারও থেকে কম নয়। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স কিংবা স্পেন, কাউকেই এককভাবে এগিয়ে রাখা কঠিন। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ স্পেনকে এগিয়ে রাখলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কৌশলগতভাবেই চাপটা নিজের দল থেকে সরিয়ে স্পেনের দিকে ঠেলে দিয়েছেন তিনি।
সেমিফাইনালকে সামনে রেখে দেশম জানান, বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন হিসেবে স্পেনই শিরোপার সবচেয়ে বড় দাবিদার। পুরো টুর্নামেন্টে তাদের নিয়ন্ত্রিত ফুটবল, নিখুঁত পাসিং আর ধারাবাহিক পারফরম্যান্সই এই মন্তব্যের ভিত্তি।
দেশম বলেন, ‘স্পেন বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন, তাই তাদের ওপরই প্রত্যাশা বেশি। এটা তাদের ওপর চাপ বাড়াবে। দল হিসেবে স্পেন অনেক শক্তিশালী। এই ম্যাচে তারাই ফেভারিট। একটি দারুণ ম্যাচ হতে চলেছে।’
২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে স্পেন। ২০১৮ বিশ্বকাপের পর থেকে বড় টুর্নামেন্টে ২৭ ম্যাচে মাত্র এক হার, সর্বশেষ ১৪ ম্যাচে অপরাজিত থাকা এবং ৯টি ক্লিনশিট তাদের শক্তির বড় প্রমাণ।
অন্যদিকে, ফ্রান্সও দুর্দান্ত ছন্দে রয়েছে। টানা জয়ে আত্মবিশ্বাসী লে ব্লুরা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বিশেষ করে দ্রুতগতির আক্রমণে।
এটি হতে যাচ্ছে দুই ভিন্ন ধাঁচের ফুটবলের লড়াই। স্পেনের বল দখলভিত্তিক নিয়ন্ত্রিত খেলার বিপরীতে ফ্রান্সের গতি আর কাউন্টার অ্যাটাক বড় ভূমিকা রাখবে। সেক্ষেত্রে, মিডফিল্ডের দখলই হতে পারে ম্যাচের নির্ণায়ক।

স্পোর্টস ডেস্ক