অবসর নিয়ে নেইমারকে যে পরামর্শ দিলেন রোনালদো
বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গের পর নেইমারের চোখে ছিল হতাশার ছাপ। কণ্ঠে ছিল অনিশ্চয়তার সুর। ব্রাজিলের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে যখন শুরু হয়েছে আলোচনা। তখন পাশে দাঁড়ালেন দেশটির কিংবদন্তি রোনালদো নাজারিও। আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিতে নেইমারের প্রতি আহ্বান জানিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার আবেগপ্রবণ হয়ে পড়েন এবং জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেন। তবে রোনালদোর মতে, এমন কঠিন সময়ে তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘নিজের ওপর অতিরিক্ত চাপ তৈরি করো না। এখনই কোনো সিদ্ধান্ত নিও না। এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে কিছু ঠিক করার প্রয়োজন নেই।’
নেইমারের দীর্ঘ চোটের সময়ের কথা উল্লেখ করে রোনালদো বলেন, ‘এত কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপে ফেরা সহজ ছিল না। নিয়মিত ক্লাব ফুটবল খেলতে পারলে নেইমার আবারও নিজের ছন্দ, আত্মবিশ্বাস ও গোল করার ক্ষমতা ফিরে পাবে।’
ব্রাজিলের হয়ে ৮০ গোল করা নেইমার এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। রোনালদোর বিশ্বাস, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ছন্দে ফিরতে পারলে নেইমার আবারও সেলেসাওদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন। তাই ব্রাজিল সমর্থকদের অপেক্ষা, হলুদ জার্সিতে নেইমারের গল্পের শেষটা এখনও বাকি।

স্পোর্টস ডেস্ক