মেসির বিপক্ষে স্বপ্নের ফাইনালে ইয়ামাল
বিশ্ব ফুটবলের মঞ্চে সিনেমার মতো এক ফাইনালের অপেক্ষা। আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই মহারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।
কয়েকদিন আগেই মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন বার্সেলোনার এই উঠতি ফুটবলার। বিশেষ করে শৈশবে মেসির সঙ্গে তোলা একটি ভাইরাল ছবিকে ঘিরে নতুন করে আলোচনায় আসেন ইয়ামাল।
বর্তমানে স্পেনের অন্যতম ভরসার নাম ইয়ামাল জানালেন, বিশ্বকাপ ফাইনালে মেসির বিপক্ষে খেলার স্বপ্ন তিনি অনেক আগে থেকেই দেখছেন।
এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি এখন একটু বড় হয়েছি, লিও-ও তেমনি সময়ের সঙ্গে এগিয়েছে। আশাকরি, তার বিপক্ষে একটি ফাইনালে খেলতে পারব, বিশেষ করে ফিনিলিসিমা ম্যাচটি যেহেতু আর হয়ে ওঠেনি।’
২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি চ্যারিটি ক্যাম্পেইনের সময় তোলা হয়েছিল সেই বিখ্যাত ছবি। তখন ২০ বছর বয়সী মেসি অংশ নিয়েছিলেন একটি ফটোশুটে, যেখানে লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাকতালীয়ভাবে সেই ফটোশ্যুটে ছয় মাস বয়সী এক শিশুর সঙ্গে ছবি তুলেছিলেন মেসি, যিনি আজকের ইয়ামাল।

স্পোর্টস ডেস্ক