গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে কারা আছেন?
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় বাজিমাত করেছেন লিওনেল মেসি। গোল না পেলেও আর্জেন্টিনার করা দুটি গোলেরই জোগানদাতা তিনি। টুর্নামেন্টজুড়ে গোল করে ও করিয়ে গোল্ডেন বুটের আলোচনা সবার ওপরে ফুটবলের এই মহাতারকা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৮টি। সমান ৮ গোল নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শেষে যদি একাধিক ফুটবলারের গোল সমান থাকে, তাহলে সবার আগে বিবেচনায় আনা হয় অ্যাসিস্টের সংখ্যা। যেখানে এখন পর্যন্ত এমবাপ্পেকে পেছনে ফেলেছেন মেসি। ইংল্যান্ড ম্যাচের দুটিসহ তার অ্যাসিস্ট সংখ্যা এখন ৪টি। এমবাপ্পের ৩টি।
দুজনের সামনেই একটি করে ম্যাচ বাকি। বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনা খেলবে স্পেনের বিপক্ষে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পের ফ্রান্স নামবে ইংল্যান্ডের বিপক্ষে।
যদি গোল ও অ্যাসিস্ট সমান হয়, তাহলে বিবেচনায় আসবে খেলার মোট সময়। যে ফুটবলার কম মিনিট খেলবেন, গোল্ডেন বুটের লড়াইয়ে তিনিই এগিয়ে থাকবেন।
মেসি ও এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় নাম আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকা টুর্নামেন্টে ৭ গোল করেছেন। নরওয়ে বাদ পড়ায় হালান্ডের আর সুযোগ নেই।
গোল্ডেন বুটের লড়াইয়ে এখনও টিকে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেরই গোল ৬টি করে, অ্যাসিস্ট একটি করে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুজনই মেসি-এমবাপ্পেকে টপকে যাবেন, আপাত দৃষ্টিতে সেটি কঠিন।

স্পোর্টস ডেস্ক