যে কারণে ফাইনাল দেখতে যাবেন না ইয়ামালের বাবা
শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের দল। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন হাতছানি দিচ্ছে স্প্যানিশদের।
পুরো টুর্নামেন্ট জুড়ে গ্যালারি থেকে পরিবারের সদস্যদের সমর্থন পেয়েছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তার মা শিলা ইবানা, সঙ্গী ইনেস গার্সিয়া এবং ভাই কেইন নিয়মিত মাঠে উপস্থিত থেকে তাকে উৎসাহ দিয়েছেন। তবে গ্যালারিতে একজনের অনুপস্থিতি বারবার প্রশ্ন তুলেছে ভক্তদের মনে।
বার্সেলোনার এই উইঙ্গারের বাবা মুনির নাসরাউই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম ‘ই আহোরা সোনসোলেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এর কারণ ব্যাখ্যা করেন।
স্পেনের ফাইনালে ওঠায় আনন্দ প্রকাশ করে মুনির বলেন, ‘স্পেনের এই দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। আমার ছেলে এবং দলের বাকি খেলোয়াড়েরা দারুণ খেলেছে, সবার জন্যই আমি খুব আনন্দিত।’
ছেলের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সে আমাকে ফোন করে বলেছিল যে, সে আমাকে নিয়ে গর্বিত। জবাবে আমি তাকে বলেছি, আমি তাকে নিয়ে আরও বেশি গর্বিত। ধন্যবাদ লামিন এবং ধন্যবাদ তাদের সবাইকে যারা তাকে সবসময় সাহায্য করেছে ও পাশে দাঁড়িয়েছে। পুরো বিশ্বকে অনেক ধন্যবাদ।’
এই অবস্থানে পৌঁছাতে দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জীবনজুড়ে এটি ছিল এক দীর্ঘ পরিশ্রম ও মানসিক চাপের যাত্রা। এখন যখন দেখি সে সব বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসেছে, তখন গর্বে বুক ভরে যায়।’
নিজের অনুপস্থিতির কারণ হিসেবে শারীরিক সমস্যার কথাও জানান মুনির। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেস এখান থেকে প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরে। বুঝতেই পারছেন, সেখানে ওর পাশে থাকতে না পারাটা আমার জন্য কতটা কষ্টের। আমি একজন মৃগীরোগী, দিনে আমাকে বেশ কয়েকটি ওষুধ খেতে হয়। যেকোনো সময় আমার মৃগীরোগের খিঁচুনি উঠতে পারে। এখন হয়তো আমি শান্ত আছি, কিন্তু মাঠের উত্তেজনা ও স্নায়ুচাপের কারণে যেকোনো মুহূর্তে আমার শরীর খারাপ হতে পারে। যে কোনো ঘটনা ঘটে যেতে পারে।’
ছেলের মানসিক স্বস্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। মুনিরের ভাষায়, ‘সেখানে গেলে আমি কেবল সবার দুশ্চিন্তাই বাড়াব। তাই ঘরে বসে টেলিভিশনেই খেলা দেখা আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’

স্পোর্টস ডেস্ক