আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করল ব্রাজিলিয়ান জাগুয়ার
বিশ্বকাপের ফাইনাল মানেই স্নায়ুচাপের লড়াই। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দুর্দান্ত ফর্মে থাকা স্পেন। দুই দলের লড়াইয়ের আগে যখন ফুটবল বিশ্ব হিসাব-নিকাশে ব্যস্ত, তখন মাঠের বাইরে এক ভিন্নধর্মী ভবিষ্যদ্বাণী নিয়ে হইচই পড়ে গেছে। আর এই ভবিষ্যদ্বাণীটি এসেছে ব্রাজিল থেকে!
ব্রাজিলের রিও ডি জেনিরোর ‘বায়োপার্ক’-এ থাকা ‘পটি’ নামের একটি জাগুয়ার বিশ্বকাপ ফাইনালের ফলাফল নিয়ে তার রায় জানিয়ে দিয়েছে। পার্কের আয়োজকরা আর্জেন্টিনা ও স্পেনের পতাকা দিয়ে দুটি আলাদা বক্স সাজিয়ে রেখেছিলেন। পটি দীর্ঘ সময় সব কিছু পর্যবেক্ষণ করার পর শেষ পর্যন্ত আর্জেন্টিনার পতাকা সম্বলিত বক্সটি বেছে নিয়েছে। অর্থাৎ, ব্রাজিলিয়ান এই জাগুয়ারের মতে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফুটবলে পশুপাখির মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের এই প্রথা বেশ পুরোনো এবং বেশ জনপ্রিয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির অক্টোপাস ‘পল’ প্রতিটি ম্যাচের ফল নিখুঁতভাবে অনুমান করে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার ব্রাজিলের এই বায়োপার্ক জাগুয়ারকে দিয়ে ভবিষ্যদ্বাণী করাল।
চলতি বিশ্বকাপে অবশ্য ভবিষ্যদ্বাণীর তালিকায় শুধু পটিই নয়, এর আগে ব্রাজিলিয়ান হাঙর ‘রিতিনিয়া’ এবং মেক্সিকোর হাতি, গরিলা ও জেব্রাদের ভবিষ্যদ্বাণীও বেশ আলোচনায় এসেছিল। যদিও এসব কেবলই মজার বিষয়, তবুও ফাইনালের আগে এমন ভবিষ্যদ্বাণী নিয়ে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।

স্পোর্টস ডেস্ক