তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতবে কারা? জানাল সুপারকম্পিউটার
দুই দলের কোচের মুখেই একই সুর-- ফুটবলাররা এমন ম্যাচ খেলতে চায় না। সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যে, ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে খুব একটা পছন্দের নয়, সেটা এই কথা থেকে স্পষ্ট। তবুও এই ম্যাচের দুটি মাহাত্ম আছে। ৬০ বছর পর বিশ্বকাপের কোনো ব্রোঞ্জ হলেও একটা ট্রফি ঘরে তোলার আর কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকার সুযোগ।
এমন ম্যাচে আজ শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে মুখোমুখি হবে ইংল্যান্ড আর ফ্রান্স। ম্যাচটি নিয়ে আগ্রহ কম থাকলেও এ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ‘দ্য অ্যানালিস্ট’ এর অপ্টা সুপারকম্পিউটার।
২৫ হাজার বার সিমুলেশন করার পর সুপারকম্পিউটার জানিয়েছে, এ ম্যাচে স্পষ্ট ফেভারিট ফ্রান্স। তাদের পরিসংখ্যান বলছে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫০.৭ শতাংশ। বিপরীতে, ইংল্যান্ডের জয়েল সম্ভাবনা ২৫.৬ শতাংশ। আর ড্র হয়ে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২৩.৭ শতাংশ।
বিশ্বকাপের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে ইংল্যান্ড। বিশ্বমঞ্চে দুই দলের চার বারের দেখায় ইংল্যান্ড জিতেছে দুই বার। তবে সর্বশেষ দেখায় ২০২২ কাতার বিশ্বকাপে জয়টা ফ্রান্সের। অন্যদিকে, দুই দলের সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে মোটে একটি ম্যাচ।
তবে এবারের বিশ্বকাপে অতীত পরিসংখ্যান কিংবা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীর বাইরেও অনেক ঘটনাই দেখা গেছে। তাই পরিসংখ্যান বা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীই সব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে জয় ধরা দেবে তাদের হাতেই।

স্পোর্টস ডেস্ক