আর্জেন্টিনার জার্সিতে আরেকটি তারা চান ক্ষুদে ভক্তরাও
দেখতে দেখতে শেষের পথে বিশ্বকাপ। ৩৯ দিনের লড়াইয়ের পর ইতি টানার অপেক্ষা। আর্জেন্টিনা ও স্পেন দাঁড়িয়ে শিরোপার সীমারেখায়। আজ রোববার (১৯ জুলাই) দিনগত রাত ১টায় ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা-স্পেন। ম্যাচটি হতে পারে বিশ্বকাপে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ।
মেসি ভক্তদের অপূর্ণতা ঘুচেছে ২০২২ সালেই। কাতার বিশ্বকাপ জিতে বিতর্কের ঊর্ধ্বে উঠেছেন ক্ষুদে জাদুকর। এখন যা পাবেন, সেটি যেন বোনাস। এই বোনাসটাও ছাড়তে নারাজ আর্জেন্টাইন ভক্তরা। বিশেষ করে ক্ষুদে ভক্তরা চার তারকার অপেক্ষায়।
মিনার ইশরাক ক্লাস থ্রিতে পড়ে। তার মতে, ‘মেসিকে বিশ্বকাপ জিততে দেখা সুন্দর ব্যাপার। মেসি এবারও কাপ নেবে। তার জন্য দোয়া রইল। আমরা আরেকটি তারা চাই।’
ক্ষুদে ভক্ত তাফিদা জামান আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে বলে, ‘বাবা বলেছে মেসি জিতবে। আমাদের জন্য আরেকটি তারা আনবে।’
অদ্বিতীয়া আমিনের বাবা-মা দুজনই আর্জেন্টিনা ভক্ত। ভাইয়ের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখে বায়না ধরে কিনে দেওয়ার। সেটি নিয়েই তার উল্লাস গোটা বিশ্বকাপজুড়ে।
ফাইনালের আগে অদ্বিতীয়া বলে, ‘এই জার্সিটা সুন্দর। মেসিও এটা পরে। মা বলেছে, এখানে (লোগো দেখিয়ে) আরেকটি তারা হবে।’
শিশুরা সুন্দরকে ভালোবাসে। আর্জেন্টিনা সুন্দর ফুটবল খেলছে। তারা হয়তো বোঝে না সেসব। তবু, বাবা-মায়ের উল্লাস ছুঁয়ে যায় তাদেরও।

ক্রীড়া প্রতিবেদক