বিবর্ণ আর্জেন্টিনায় পারাদেস বিভ্রান্তি
বিশ্বকাপের স্বপ্ন ভাঙার কষ্ট যেন সামলাতে পারলেন না লিয়ান্দ্রো পারেদেস। শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হয়ে ফাইনালের পর হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা। আর সেই হতাশা থেকেই মেজাজ হারিয়ে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে পড়লেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ঐতিহাসিক শিরোপা জয়ের রাতের শেষের শুরুটায় অস্বস্তিতে পড়তে হয় স্পেনকে।
বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের শেষ আর উল্লাসের শুরু দেখল নিউ জার্সি। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জয়ের উন্মাদনায় মাতল স্পেন। শেষ বাঁশি বাজতেই একদিকে স্প্যানিশ ফুটবলারদের বাঁধভাঙা উদযাপন, অন্যদিকে ট্রফি ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনায় নুয়ে পড়ল আর্জেন্টিনা।
তবে বিশ্বজয়ের আনন্দ আর স্বপ্নভঙ্গের হতাশার মধ্যেই কালো ছায়া ফেলে এক অপ্রত্যাশিত ঘটনা। শিরোপা হারানোর ক্ষোভে নিজেকে সামলাতে পারেননি পারেদেস। স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বিবাদে জড়িয়ে এক পর্যায়ে তার গলা চেপে ধরেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
শিরোপা নিশ্চিত হওয়ার পর গার্সিয়া সতীর্থদের নিয়ে মাঝমাঠে উদযাপন করছিলেন। সেই সময় সেখানে গিয়ে উত্তেজিত হয়ে ওঠেন পারেদেস। সহকারি রেফারির উপস্থিতিতেই ঘটে এই ঘটনা, যা পরে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে।
পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দ্রুত এগিয়ে এসে পারেদেস ও গার্সিয়াকে আলাদা করার চেষ্টা করেন। কোচিং স্টাফের সদস্যরাও হস্তক্ষেপ করেন। এ সময় গাভিসহ কয়েকজন স্প্যানিশ খেলোয়াড়ও উত্তেজনায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে থিয়াগো আলমাদা মাঝখানে পড়ে গেলে পারেদেস তাকে সরিয়ে দেন। ফাইনালের পর এমন আচরণের কারণে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়। স্পেনের আনন্দের রাতেই তাই আর্জেন্টিনার জন্য যুক্ত হয় এক বিব্রতকর অধ্যায়।

স্পোর্টস ডেস্ক