ফাইনাল হারের পর এএফএ সভাপতির আবেগঘন বার্তা
বিশ্বকাপের সোনালি ট্রফিটা এবার ছুঁতে পারেনি আর্জেন্টিনা। তবে ফাইনালের হতাশার মধ্যেও দলের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। আবেগঘন বার্তায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্তিনেজসহ পুরো দলকে। কৃতজ্ঞতা জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকা কোটি সমর্থককেও।
স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্ট করেন তাপিয়া।
প্রথম পোস্টে তিনি পুরো দলের উদ্দেশ্যে লেখেন, ‘মাথা উঁচু করে দাঁড়াও। শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সবটুকু উজার করে দেওয়ার জন্য, হৃদয় দিয়ে পুরো দেশকে প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের আবার স্বপ্ন দেখতে শেখানোর জন্য শুধু একটি শব্দ—ধন্যবাদ। দল, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ এবং যেসব মানুষ সবসময় আমাদের পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা গর্বিত।’
এরপর আলাদা পোস্টে অধিনায়ক লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানান তাপিয়া। তিনি লেখেন, মেসিকে ধন্যবাদ জানানোর মতো কোনো শব্দই যথেষ্ট নয়। ফুটবল, নেতৃত্ব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা দিয়ে তিনি একটি জাতিকে অনুপ্রাণিত করেছেন। বিশ্বের সর্বোচ্চ মঞ্চে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে নেওয়ার জন্যও অধিনায়ককে ধন্যবাদ জানান তিনি। পোস্টের শেষ লাইনে লেখেন, ‘তুমি চিরন্তন, লিও।’
ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া কোচ লিওনেল স্কালোনিকেও আলাদা বার্তায় প্রশংসায় ভাসিয়েছেন তাপিয়া। তিনি লেখেন, ‘গ্রিঙ্গো (স্কালোনি), তুমি অসাধারণ। তোমার কাজ, আত্মনিবেদন এবং এই জাতীয় দলের প্রতি ভালোবাসা নিয়ে আমরা গর্বিত।’
বাঁ হাতের অনামিকায় চোট নিয়েও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের প্রতিও কৃতজ্ঞতা জানান এএফএ সভাপতি। তাকে বিশ্বের সেরা গোলরক্ষক উল্লেখ করে তাপিয়া লেখেন, ‘তোমাকে ধন্যবাদ জানানোর মতো কোনো ভাষা নেই। কাতারে ইতিহাস গড়ার পর যুক্তরাষ্ট্রের মাটিতেও তুমি শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দিয়েছো।’
সবশেষে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে তাপিয়া বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ। জয়-পরাজয় যাই আসুক, যারা শেষ মুহূর্ত পর্যন্ত দলের পাশে থাকে, তারাই আর্জেন্টিনার আসল পরিচয়। বিশ্বের সেরা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘পথ যত কঠিনই হোক, তোমরা সবসময় আমাদের সঙ্গেই থাকো।’

স্পোর্টস ডেস্ক