ফাইনালের আগে কী ঘটেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে?
বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমের একটি ভিডিও এখন টক অব দ্য টাউন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে অধিনায়ক লিওনেল মেসির একটি বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা ও জলঘোলা। ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসি ঠিক কী বলতে চেয়েছিলেন, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের শান্ত হওয়ার তাগাদা দেন মেসি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’
এরপরই আসে সেই বিতর্কিত ও রহস্যজনক লাইনটি, যা নিয়ে শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’
দরজার সামনে দাঁড়িয়ে ৩৯ বছর বয়সী এই মহাতারকার এমন কথা বলার পর প্রশ্ন উঠেছে, ঠিক কোন বিষয়গুলো ভুলে যাওয়ার কথা বলেছিলেন তিনি? এমিলিয়ানো মার্টিনেজ বা এনজো ফার্নান্দেজদের তিনি আসলে কী ইঙ্গিত করতে চেয়েছেন?
যদিও বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়, তবে এর পেছনে ম্যাচের আগের কিছু বাড়তি চাপ ও সমালোচনার যোগসূত্র থাকতে পারে। ফাইনালের ঠিক আগে স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্ত আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন।
লাপোর্ত দাবি করেছিলেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনার পক্ষে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে এবং তারা প্রতিপক্ষের ওপর অহেতুক চাপ সৃষ্টি করে। বড় একটি ম্যাচের আগে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছিল।
তবে সব বিতর্ক আর চাপকে পেছনে ফেলে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ম্যাচ শেষে অবশ্য রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক তৈরি না হলেও, শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত কাণ্ডের জেরে বর্তমানে ফিফার কঠোর তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা দল।

স্পোর্টস ডেস্ক