অবসরে যাচ্ছেন এমি মার্টিনেজ?
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচজুড়ে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একের পর এক দুর্দান্ত সেভে দলকে ম্যাচে রাখলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শেষ পর্যন্ত হার মানতে হয় আলবিসেলেস্তেদের।
ফাইনাল হারের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেননি মার্টিনেজ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় বলেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং আরও একবার ইতিহাস গড়ব। কিন্তু সেটি আর হয়ে উঠেনি।’
এরপরই তিনি জাতীয় দলে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানান। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, সামনে কী করবেন, তা নিয়ে এখন গভীরভাবে ভাবতে হবে। এমনকি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় এসে গেছে কি না, সেটিও বিবেচনা করছেন তিনি।
মার্টিনেজ বলেন, ‘ফাইনালে হারের কষ্টটা ভাষায় প্রকাশ করা কঠিন। ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভাবতে হবে। এরপর কীভাবে এগিয়ে যাব, সেটা দেখতে হবে। এটাই কি সরে দাঁড়ানোর সময় কি না, সেটিও ভাবতে হবে।’
তার এই মন্তব্যের পর থেকেই আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর খুব অল্প সময়েই দলের অন্যতম ভরসার প্রতীকে পরিণত হন মার্টিনেজ।
কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জয়ে তার অবদান ছিল অসাধারণ। টাইব্রেকারে দুর্দান্ত দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ বাঁচানো সেইভ তাকে আর্জেন্টিনার আধুনিক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষকদের কাতারে নিয়ে গেছে।
স্পেনের বিপক্ষে ফাইনালেও নিজের সামর্থ্যের সর্বোচ্চটাই দেখিয়েছেন অ্যাস্টন ভিলার এই তারকা। পুরো ম্যাচে তিনি ১১টি সেভ করেন। কিন্তু অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই ভেঙে যায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন।
হার মেনে নেওয়ার পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন মার্টিনেজ। তিনি বলেন, ‘আমি সত্যিই দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি।’

স্পোর্টস ডেস্ক