নীরবতা ভেঙে বিস্ফোরক মন্তব্য ডি পলের
বিশ্বকাপের প্রায় শুরুতে থেকেই অতিরিক্ত সুবিধা পাওয়ার অভিযোগ ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। টুর্নামেন্টের মাঝে অনেকবার সেসব উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি-স্কালোনিরা। তবুও ফাইনালের আগে আলোচনায় ছিল রেফারিং। এমনকি খোদ প্রতিপক্ষ স্পেনের পক্ষ থেকেও অনেক কথা হয়েছে ফাইনালের রেফারিং নিয়ে।
ফাইনালের মঞ্চে অবশ্য কোনো বিতর্ক তৈরি হয়নি। শিরোপার লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। টুর্নামেন্ট জুড়ে হওয়া সমালোচনা নিয়ে এবার নিরবতা ভেঙে মুখ খুললেন রদ্রিগো ডি পল। আবেগঘন এক বার্তায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও আক্ষেপ প্রকাশের পাশাপাশি সমালোচকদের উদ্দেশে ছুড়ে দিয়েছেন কড়া বার্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ডি পল। সেখানে তিনি দাবি করেছেন, অনেকেই আর্জেন্টিনার ব্যর্থতা দেখার অপেক্ষায় ছিল। তাই পুরো টুর্নামেন্টজুড়েই দলটির বিরুদ্ধে ছড়ানো হয়েছে একের পর এক ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প।
পোস্টের শুরুতেই অবশ্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞাতা জানান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ডি পল লেখেন, ‘সবচেয়ে বড় কষ্ট হলো দেশের মানুষকে আবারও এই আনন্দটা উপহার দিতে পারলাম না। যদি কেউ এই আনন্দের যোগ্য হয়ে থাকে, তবে তারা আমাদের সমর্থকেরাই। শেষ মুহূর্ত পর্যন্ত যারা আমাদের পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
এরপরই সমালোচকদের প্রতি কড়া বার্তা দেন ডি পল। তিনি বলেন, ‘এখন বুঝতে পারছি, কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে। নিজেদের হতাশা লুকাতেই তারা এসব করেছে। কারণ, আর্জেন্টিনার মানুষ যে আনন্দে ছিল, সেই অনুভূতি তারা কখনো পায়নি।’
ডি পলের মতে, আর্জেন্টিনার সাফল্য, উদযাপন আর আত্মবিশ্বাস অনেকের কাছেই অসহনীয় হয়ে উঠেছিল। তবে এসব সমালোচনা বা বিদ্বেষ তাদের মনোবল ভাঙতে পারেনি। বরং দেশের জার্সির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।
ডি পল বলেন, ‘আমাদের হাসি, আমাদের উদযাপন কিংবা আমাদের স্বভাব অনেকের ভালো লাগে না। কিন্তু এসবই আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে।’
শেষে হতাশার মাঝেও আশাবাদের বার্তা দেন ডি পল। তিনি বলেন, ‘এই পরাজয়ের কষ্ট অনেক দিন থাকবে, কারণ আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। তবু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি একজন আর্জেন্টাইন হতে পেরে। আমরা আবারও উঠে দাঁড়াব। কারণ এই দল কখনো লড়াই ছেড়ে দেয় না।’

স্পোর্টস ডেস্ক