সমর্থকদের উদ্দেশে আর্জেন্টাইন তারকার বার্তা
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ভাবনা প্রকাশ করেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি যেমন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তেমনি সমালোচকদের উদ্দেশ্যে দিয়েছেন তীক্ষ্ণ বার্তা।
রানার্সআপ ট্রফি নিয়ে জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনায় ফেরার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন লিভারপুলের এই তারকা ফুটবলার।
সেখানে তিনি লিখেছেন, ‘আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, তাই কষ্টটাও অনেক বেশি। কিন্তু এই বিশ্বকাপে আমরা যা অর্জন করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
পুরো টুর্নামেন্টে দলের পাশে থাকা সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ম্যাক অ্যালিস্টার। তিনি বলেন, ‘আপনারা আমাদের যা অনুভব করিয়েছেন, তা ছিল অসাধারণ। আমরা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, অনেক ভুগেছি, কিন্তু সবাই মিলে তা অতিক্রম করেছি। মনে রাখবেন, একসঙ্গে আমরা অন্য যে কারও চেয়ে বেশি শক্তিশালী।’
২০২২ সালের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ফাইনালের স্মৃতিচারণ করতে গিয়ে দুটি বিশেষ মুহূর্তের কথা তুলে ধরেন, যা তার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রথমটি ছিল রানার্সআপ পদক গ্রহণের সময় স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের একসঙ্গে গান গাওয়া। দ্বিতীয়টি ছিল বুয়েনস আইরেসে ফিরে পাওয়া উষ্ণ অভ্যর্থনা।

স্পোর্টস ডেস্ক