আস্থা নেই উয়েফার, বিপাকে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে নিজেদের আস্থা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনার নতুন একটি ইউনিট থেকে শেয়ার বিক্রির পরিকল্পনা শেষ পর্যন্ত ফিফা বাতিল করায় শনিবার (১ আগস্ট) এক কঠোর বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি।
এর আগে ইনফান্তিনোর পরিকল্পনা ছিল, নতুন ওই ইউনিটের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার তোলা হবে।
তবে উয়েফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মতো আঞ্চলিক সংস্থাগুলোর অভিযোগ ছিল, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এমন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারপাশ থেকে তীব্র বিরোধিতার মুখে পড়ে শেষ পর্যন্ত সেই বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।
উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, এই পরিকল্পনা বাতিল হওয়া মানে পুরো ফুটবলের জন্য একটি বড় জয়। তবে ফিফার বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা ফেরানোর কাজ যে সহজ হবে না, সেটিও স্পষ্ট করে দিয়েছে তারা।
উয়েফার দাবি, ২০১৬ সালে স্বচ্ছতা ও সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষার যে ওয়াদা দিয়ে ইনফান্তিনো সভাপতি হয়েছিলেন, তিনি তা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ভবিষ্যৎ ফুটবলের যেকোনো বড় সিদ্ধান্ত অবশ্যই সবার সঙ্গে আলোচনা করে ও স্বচ্ছতা বজায় রেখে নিতে হবে বলে জানিয়েছে তারা।
এদিকে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাও ফিফার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈশ্বিক ফুটবলে প্রভাব ফেলতে পারে এমন যেকোনো উদ্যোগের আগে অবশ্যই সব পক্ষের সঙ্গে বসে পরামর্শ করা উচিত।’
অন্যদিকে, উয়েফার এমন কড়া বার্তার পর ফিফা বা সভাপতি ইনফান্তিনোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
তবে বিশ্লেষকদের ধারণা, এই ঘটনা আন্তর্জাতিক ফুটবলে ইনফান্তিনোর অবস্থান বেশ নড়বড়ে করে দিয়েছে। আগামী বছর ফিফা কংগ্রেসে ২০২৭-৩১ মেয়াদের জন্য চতুর্থবারের মতো তার সভাপতি হওয়ার পথটি এখন আর আগের মতো মসৃণ নাও থাকতে পারে।

স্পোর্টস ডেস্ক