বাংলাদেশকে আশা দেখাচ্ছেন মেহরব-সাকলাইন
মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। দ্রুতই ওপেনার জিসান আলম ফিরলেও জাওয়াদ আবরার আর আরিফুল ইসলাম মিলে সফরকারী বোলারদের শাসন করে এগিয়ে যেতে থাকে। কিন্তু সেই যাত্রা খুব বেশি লম্বা হয়নি। আবারও ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ এইচপি দল। সেই ধাক্কা সামলে এবার বাংলাদেশকে আশা দেখাচ্ছেন এসএম মেহরব আর আব্দুল গাফ্ফার সাকলাইন।
আজ শনিবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মাঠে নেমেছে মালয়েশিয়া আর বাংলাদেশ এইচপি দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৪ ওভারে ১১৪ রান করেছে স্বাগতিকরা। ১১ বলে ২০ রানে অপরাজিত আছেন মেহরব আর ১৭ বলে ২৪ রানে সাকলাইন।
ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নেন জিসান। শুরু সেই ধাক্কা সামলে বাংলাদেশকে এগিয়ে নেন জাওয়াদ আর আরিফুল। দুজন মিলে গড়েন ৩৬ রানের জুটি। পাওয়ার-প্লের শেষ ওভারে ১২ বলে ১৫ রান করে আরিফুল ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর বেশি সময় উইকেটে থাকতে পারেননি আগ্রাসী ব্যাটিং করা জাওয়াদ। ১৫৬ স্ট্রাইকরেটে ১৮ বলে ২৮ রান করে অষ্টম ওভারের প্রথম বলে আউট হন তিনি। পাঁচ নম্বরে নামা প্রিতম কুমারও (৪) ফিরে যান দ্রুতই। তিন নম্বরে নামা অভিজ্ঞ সাব্বির রহমান শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ১২ বলে ১৪ রান করে বিদায় নেন তিনি।
৭৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হাল ধরেন জাওয়াদ আর সাকলাইন।

স্পোর্টস ডেস্ক