প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে চান না হেড
২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্টে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লজ্জার হার উপহার দিয়েছে বাংলাদেশ। তিনদিনের ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে সোয়া দুইদিনেই।
টেস্ট সিরিজের আগে এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই দলের মনোবলে বড় ধাক্কা দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড মনে করেন, এই একটি প্রস্তুতি ম্যাচের ফলাফল দিয়ে বাংলাদেশকে সামগ্রিকভাবে বিচার করা একদমই ঠিক হবে না।
সোমবার (১০ আগস্ট) অস্ট্রেলিয়ার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হেড বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো সাধারণত এমন ক্যাজুয়ালই হয়ে থাকে। আমিও ক্যারিয়ারে এমন অনেক সাধারণ ম্যাচ খেলেছি। এসব ম্যাচ সবসময়ই একটু কঠিন হয়, কারণ মানসিকভাবে আপনার মূল লক্ষ্য বা মনোযোগ হয়তো অন্য কোনো বড় বিষয়ের দিকে থাকে।’
ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন এই অজি ব্যাটার। তার মতে, ‘প্রথম ইনিংসে তারা বেশ ভালো খেলেছিল। প্রায় ২৬৩ রান করেছিল এবং চমৎকার একটি সেঞ্চুরিও হয়েছে। বাইরে থেকে হয়তো ফলটা খুব হতাশাজনক মনে হচ্ছে, সম্ভবত তারা নিজেরাও হতাশ। তবে দল হিসেবে তাদের ভেতরের মনোযোগ এখন পুরোপুরি আগামী বৃহস্পতিবারের মূল ম্যাচের দিকেই থাকবে।’
২০১৭ সালের পর দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ।

স্পোর্টস ডেস্ক