দ্বিতীয় শিকার ধরলেন হাসান, ব্যাটিংয়েও ধুঁকছে অস্ট্রেলিয়া
ইনিংসের দ্বিতীয় ওভারেই জ্যাক ওয়েদারাল্ডকে ফিরিয়েছিলেন হাসান মাহমুদ। সেই ধাক্কা কাটিয়ে মার্নাস লাবুশেনকে নিয়ে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করছিলেন ট্রাভিস হেড। তার আগেই আবারও আঘাত হানলেন হাসান। ১০ ওভারেই ফিরেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার।
আজ শনিবার (১৫ আগস্ট) ডারউইন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করেছে অস্ট্রেলিয়া। ২৮ বলে ১৫ রানে অপরাজিত আছেন মার্নাস লাবুশেন আর ১ বলে ১ রানে স্টিভেন স্মিথ।
উইকেটে কিছুটা সময় কাটিয়ে হাত খুলে খেলা শুরু করেছিলেন হেড। চড়াও হয়েছিলেন ইবাদত হোসেনের ওপর। হাসান আক্রমণে এসেই সেটার জবাব দিলেন। টাইগার পেসারের বলে কাট করতে গিয়ে বল ব্যাটে লেগে আঘাত হানে স্ট্যাম্পে। ৩৫ বলে ১৭ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি।
শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে হাসানের থাবা
তৃতীয় দিনের প্রথম দিন পর্যন্ত বেশ হতাশায়ই কেটেছে অস্ট্রেলিয়ার। ব্যাটিংয়ে কিছু করতে পারেননি, এরপর বোলিংয়ে রীতিমতো বাংলাদেশের ব্যাটারদের সামনে অসহায় পড়েছিল স্বাগতিকরা। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে নেই অসিরা। শুরুতে অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হেনেছেন হাসান মাহমুদ।
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নিয়েছেন হাসান। বোল্ড করে ফিরিয়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে। ৩ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়াকে বড় লিড দিয়ে অবশেষে থামল বাংলাদেশ
নিজেদের প্রথম ইনিংসে যেই উইকেটে বাংলাদেশের বোলারদের সামনে হাঁসফাঁস করেছে অস্ট্রেলিয়া, সেখানেই রানের ফুলঝুরি ফোঁটালেন বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের হতাশ করে শাসন করে গেছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তরা। টানা পাঁচ সেশন ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করেছেন চারশরও বেশি রান। স্বাগতিকদের লিড দিয়েছে বড় রানের।
ডারউইন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে অলআউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করে ৪২৬ রান করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছিল ১৯৮ রানে। ফলে বাংলাদেশ লিড পেয়ছে ২২৮ রানের।
৪ উইকেট হাতে রেখে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই ফিরে যান আগেরদিন ব্যাটহাতে অসি বোলারদের হতাশ করা হাসান মাহমুদ। শেষ পর্যন্ত ৯২ বল খেলে ১৪ রান আসে তার ব্যাট থেকে। এতে ভাঙে ১৪৬ বলে ১৭০ বলে ৪৬ রানের জুটি।
এরপর উইকেটে এসে শুরুটা ভালোই করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজের সঙ্গে ২৫ বলে ১৮ রানের জুটিও গড়েছিলেন তিনি। তবে বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি। ২৩ বলে ১৭ রান করে হ্যাজলউডের শিকার হন তিনি।
দিনের শুরুতেই দুই উইকেট হারানোর সেই ধাক্কা সামলে তাসকিনকে সঙ্গে নিয়ে আবারও স্বাগতিক বোলারদের শাসন করতে থাকেন মিরাজ। এর মাঝেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি। দারুণ একটি সেশন কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে অবশ্য আর সুবিধা করতে পারেননি টাইগাররা। প্রথম ওভারেই হাফসেঞ্চুরি করা মিরাজের উইকেট তুলে নেন হ্যাজলউড। উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেওয়ার আগে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ১৫৪ বলে ৬৫ রান।
এরপর আর ৫ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। তাসকিন-ইবাদত হোসেনের শেষ উইকেট জুটিতে আসে ২৬ বলে ৮ রান। ১৮ বলে ৭ রান করে ইবাদত ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ দুই উইকেটই নেন হ্যাজলউড। প্রথম ইনিংসে সর্বমোট ৬ উইকেট পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক