বাংলাদেশের বিপক্ষে হারবে অস্ট্রেলিয়া! পরিসংখ্যান কী বলছে?
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ‘আনকোরা’ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। সেই দলটিই এখন পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে রীতিমতো রাজত্ব করছে। নিজেদের প্রথম ইনিংসে ২২৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এই লিডের পর টেস্টের পরিসংখ্যানও এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে কথা বলছে।
পরিসংখ্যান বলছে, ২০০০ সালের পর থেকে প্রথম ইনিংসে ন্যূনতম ১৫০ রানে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া দল মাত্র তিনবার টেস্ট ম্যাচ জিততে পেরেছে। এর মধ্যে ২০১০ সালে সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২০৬ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল অসিরা। এছাড়া ২০০৪ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ এবং ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫৮ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল তারা।
অর্থাৎ ২০০০ সালের পর থেকে দুইশ বা তার বেশি রানের লিডে পিছিয়ে পড়ার পর স্রেফ একবারই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ডারউইনে বাংলাদেশ দল অবশ্য দুইশ’র বেশি লিড নিয়েছে।
শুধু তাই নয়, ২০১৯ সালের জানুয়ারি মাসের পর থেকে ঘরের মাঠে এই প্রথমবার প্রতিপক্ষের কাছে প্রথম ইনিংসে দুইশ’র বেশি রানে পিছিয়ে পড়ল অস্ট্রেলিয়া। তাছাড়া টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে ৮২ বার পিছিয়ে পড়ে মাত্র তিনবার জয়ের স্বাদ পেয়েছে অসিরা।
অবশ্য টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৯৭ রানে পিছিয়ে থেকেও জয়ের ইতিহাস রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই অসাধ্য সাধন করেছিল তারা। এছাড়া ১৯৫০ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩৬ রানে পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় তুলে নিয়েছিল অসিরা।
এদিকে ২০১৯ সালে ভারতের বিপক্ষে সিডনি টেস্টে প্যাট কামিন্সের দলকে এক ইনিংসে ১৬৭.২ ওভার বল করতে হয়েছিল। সেই ম্যাচের পর এই প্রথমবার কোনো টেস্ট ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৩৩ ওভার ফিল্ডিং ও বল করতে হলো স্বাগতিকদের।
চলমান এই টেস্টে ব্যাট হাতে দারুণ এক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদও। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে তিনি খেলেছেন ৯২ বল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ নম্বর বা তার নিচের অবস্থানে ব্যাটিংয়ে নেমে এটি কোনো বাংলাদেশি ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ বল মোকাবিলার রেকর্ড। এর আগে ২০১৭ সালে চট্টগ্রাম টেস্টে সর্বোচ্চ ৯৭ বল খেলেছিলেন অলরাউন্ডার নাসির হোসেন।

স্পোর্টস ডেস্ক