দ্বিতীয় টেস্টে বাংলাদেশের লক্ষ্য জানালেন শান্ত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুধু যে জয় পেয়েছে বিষয়টি তা নয়, সোয়া তিন দিনে ১১ ইনিংসের সবগুলোতেই ডমিনেট করেছে বাংলাদেশ। যেটাকে বলা যায়, ভালো ক্রিকেট খেলেছে টাইগাররা। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ভালো ক্রিকেট খেলার কথাই বলে গিয়েছিলেন।
আগামীকাল শনিবার (২২ আগস্ট) সকালে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের লক্ষ্য কি? আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সেটি জানালেন অধিনায়ক শান্ত।
শান্ত বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
ডারউইন টেস্টে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে আত্মতৃপ্তিতে ভুগতে চান না তিনি। শান্ত বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’
ডারউইনের চেয়ে ম্যাকাইয়ের কন্ডিশন ভিন্ন। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেভাগেই ভেন্যূতে পৌছেছে বাংলাদেশ। দুই দিন পরিপূর্ণ অনুশীলন করেছে টাইগাররা। অধিনায়ক হিসেবে তাতে বেশ সন্তুষ্ট নাজমুল। তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। হ্যাঁ, আবহাওয়াটা একটু ভিন্ন। ওখানকার তুলনায় একটু ঠান্ডা, বাতাসটাও বেশি। তবে আমার মনে হয়, দুই দিনের অনুশীলনে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছে।’

স্পোর্টস ডেস্ক