নারী এশিয়া কাপের ফাইনাল ঘিরে নতুন বিতর্কের শঙ্কা
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা বেশ পুরোনো। ক্রিকেটের মঞ্চে তার ছোঁয়া খুব বেশি ছিল না। কিন্তু গত বছর দুই দেশের সীমান্তে সামরিক উত্তেজনার পর তার প্রভাব পড়ে ক্রিকেট মাঠেও। সেই জেড়েই এশিয়া কাপে টস কিংবা ম্যাচ শেষে হাত মেলাননি দুই ক্রিকেটাররা। এমনকি শিরোপা জিতেও ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত।
নিয়ম অনুযায়ী, এশিয়া কাপের ট্রফি দেওয়ার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির। এই সংস্থার প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ফাইনাল শেষে ট্রফি নিয়ে মঞ্চে অপেক্ষাও করেন তিনি। কিন্তু তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত।
চলমান নারী এশিয়া কাপের ফাইনালকে ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্কের শঙ্কা। ফাইনালে ভারত উঠলে এবং শিরোপা জিতলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে আবারও দেখা দিতে পারে পুরোনো সেই নাটকীয়তা। কারণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এসিসির সভাপতি মহসিন নাকভি।
সেবার ম্যাচ শেষে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা এসিসির অন্য কোনো কর্মকর্তার কাছ থেকে ট্রফি নেওয়ার দাবি জানান। শেষ পর্যন্ত নাকভি ট্রফিটি নিজের হোটেল কক্ষে নিয়ে যান। পরে সেটি দুবাইয়ে এসিসির কার্যালয়ে রাখা হয়। জানা গেছে, সেই ট্রফি এখনো ভারতের হাতে পৌঁছায়নি।
এদিকে, চলতি নারী এশিয়া কাপে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলও তারা। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই দলের সম্পর্কের টানাপোড়েন নতুন করে আলোচনায় আসে। টসের সময় পাকিস্তানের অধিনায়ক সানা মীরের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।
এরপর থেকেই গুঞ্জন, ভারত ফাইনালে উঠলে এবং শিরোপা জিতলে মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করবে কি না। নাকি আবারও তৈরি হবে আগের সেই পরিস্থিতি।
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির মধ্যে একাধিকবার আলোচনা হলেও এখনো মেলেনি চূড়ান্ত সমাধান।

স্পোর্টস ডেস্ক