ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপ্পের চেয়ে নিজেকেই যোগ্য মনে করেন ইয়ামাল
ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। এক মৌসুমের সেরা পারফরমারকে দেওয়া হয় এই পুরস্কার। মেলানো হয় পারফরম্যান্স আর ভোট। ইতোমধ্যে ২০২৬ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা। যেখানে আলোচিত দুই নাম কিলিয়ান এমবাপ্পে আর লামিনে ইয়ামাল।
সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে ব্যালন ডি’অরের উত্তেজনা। শুরু হয়ে গেছে কথার লড়াই। নিজেকে সেরা বলে দাবি করছেন সংক্ষিপ্ত তালিকায় থাকা ফুটবলাররা। সেই তালিকায় এবার যোগ দিলেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।
মুভিস্টারের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’তে কথা বলেছেন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার সাক্ষাৎকারটি আগামী (১৮ সেপ্টেম্বর) শুক্রবার প্রকাশ হওয়ার কথা। এরই মধ্যে সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাক্ষাৎকারে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে নিজের নামই সামনে এনেছেন ইয়ামাল। সংবাদপত্র স্পোর্টকে দেওয়া মন্তব্যে তিনি জানান, ব্যালন ডি’অর কাকে দেওয়া উচিত, সেটি এখন তার কাছে অনেকটাই পরিষ্কার।
ইয়ামালের বলেন, ‘আমি ব্যালন ডি’অর কাকে দেব? সত্যিই মনে করি, সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্বের সেরা। তবে এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’
বিশ্বসেরা সেই দুই খেলোয়াড় কারা, এমন প্রশ্নের উত্তর দিতেও দ্বিধা করেননি স্পেনের এই তরুণ তারকা। ইয়ামাল বলেন, ‘আমার কাছে কিলিয়ান এমবাপ্পে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে, তারা তা ভালো করেই জানে।’
এর কয়েকদিন আগেই ব্যালন ডি’অর নিয়ে নিজের দাবির কথা জানিয়েছিলেন এমবাপ্পেও। ফরাসি তারকা বলেছিলেন, ব্যক্তিগত পুরস্কার হলেও ফুটবল যেহেতু দলীয় খেলা, তাই দলের সাফল্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
তবে নিজের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এমবাপ্পে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য। একইসঙ্গে এটি আমার স্বল্পমেয়াদি লক্ষ্যও।’
এদিকে আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসছে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এবার লন্ডনে আয়োজন করা হচ্ছে এই জমকালো অনুষ্ঠান।
ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই হিসাবেও এবার কিছুটা এগিয়ে থাকবেন ইয়ামাল।
দুজনের পায়েই গোলের দেখা মিলেছে নিয়মিত। তবে দলীয় সাফল্যের দিক থেকে এগিয়ে ইয়ামাল। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। শেষ পর্যন্ত শিরোপাও জিতেছে ইয়ামালের দল।
ফলে ২০২৬ ব্যালন ডি’অরের লড়াইয়ে ইয়ামাল ও এমবাপ্পের দ্বৈরথ এখন বাড়তি উত্তেজনা তৈরি করেছে। শেষ হাসি কে হাসবেন, তার উত্তর মিলবে আগামী ২৬ অক্টোবর।

স্পোর্টস ডেস্ক