চমক দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, নাম আছে মেসিরও
আসন্ন সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গতকালই সেই ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর একদিন পরই চমক দিয়ে সেই ম্যাচগুলোর জন্য স্কোয়াড করলেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। এই স্কোয়াডে রয়েছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির নামও।
বাবার মৃত্যুর পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। সেই হিসেবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে নিজেদের মহাতারকাকে এভাবে বিদায় জানাতে চায়নি এএফএ। ঘরের মাঠে একটি ম্যাচ খেলিয়ে তাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চেয়েছিল ফেডারেশন। সে কারণেই মেসিকে রাখা হয়েছে এই স্কোয়াডে।
এএফএ জানিয়েছে, আসন্ন উইন্ডোতে ঘরের মাঠে বেনিনের বিপক্ষে ম্যাচেই শুধু মাঠে নামবেন মেসি। আগামী ৬ অক্টোবর এবারের উইন্ডোর শেষ ম্যাচ এটি। ম্যাচটি হবে আর্জেন্টিনার ন্যাশনাল স্টেডিয়াম বুয়েনস আইরেসে। এই ম্যাচটি দেখতে ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে।
এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করে তারা মেসিকে ৬ অক্টোবর তার প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মেসির সম্মতি পাওয়ার পর ২০২২ বিশ্বকাপে তার সঙ্গে খেলা সব বিশ্বচ্যাম্পিয়নকেও পরিবারসহ আমন্ত্রণ জানানো হচ্ছে।
ফলে বেনিনের বিপক্ষে এই ম্যাচটিই হবে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। এটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ। এখন পর্যন্ত ২০৭ ম্যাচ খেলে ১২৫টি গোল করেছেন মেসি।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। তবে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩০ সেপ্টেম্বর। কর্ডোবায় বলিভিয়ার বিপেক্ষ খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই মাঠে ৬ অক্টোবর খেলবে বেনিনের বিপক্ষে।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড
গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি।
ডিফেন্ডার : আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, হয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।
মিডফিল্ডার : এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনজালেস, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
ফরোয়ার্ড : হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক