বাংলাদেশকে ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন
এশিয়ান গেমস শুরু হওয়ার আগে থেকেই নানা নাটকীয় ঘটনা ও অদ্ভুত সব কাণ্ডকারখানা দেখা যাচ্ছে। এবারের ঘটনা যেন সবকিছুকেই ছাড়িয়ে গেল। এক অদ্ভূত অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশকে প্রীতি ম্যাচ খেলার আহ্বান জানিয়ে মাঠেই আসেনি চীন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত সময় অনুযায়ী চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়ে নিগার সুলতানা জ্যোতির দল সময়মতো মাঠে হাজির হলেও প্রতিপক্ষ চীনের মেয়েদের দেখা মিলল না।
বাংলাদেশ দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ পুরো বিষয়টি জানিয়ে বলেন, ‘সকাল ৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টাতেই মাঠে চলে এসেছিলাম। মাঠে আসার পর পিচ কিউরেটর আমাদের জানান যে, কোনো খেলা হবে না।’
তিনি বলেন, ‘এরপর কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে চীন মাঠে আসবে না। যেহেতু তারা শেষ পর্যন্ত আসেনি, তাই আগামীকালকের সেমিফাইনালের কথা মাথায় রেখে আমরা মাঠেই অনুশীলনে নেমে পড়েছি।’
মূলত চীনের পক্ষ থেকেই বাংলাদেশ দলের কাছে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করা হয়েছিল এবং তাদের অনুরোধেই দল তাতে রাজি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চীন দল মাঠে উপস্থিত না হওয়ায় বিস্মিত হয়েছেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ।
এ বিষয়ে তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের বিশেষভাবে অনুরোধ করেছিল চীনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। এরপর আমরা বিসিবির সঙ্গে যোগাযোগ করে সেই ম্যাচ খেলতে সম্মতি জানাই। কিন্তু সবকিছু ঠিকঠাক করার পরও তারা মাঠে উপস্থিত হয়নি, বিষয়টি আমি ইতোমধ্যে ওসিএকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছি।’
চীনা দল নিজেই যেহেতু ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিল, তাই তাদের এমন অনুপস্থিতি নিয়ে চারদিকে বেশ বিস্ময় তৈরি হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ নিজের অনুমানের কথা জানিয়ে বলেন, ‘সম্ভবত তারা ম্যাচটিকে নিছক প্রীতি ম্যাচ না রেখে কোনো আনুষ্ঠানিক ম্যাচ হিসেবে চেয়েছিল। কিন্তু আমরা তো শুধু তাদের অনুরোধের ভিত্তিতেই একটি সাধারণ প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলাম। আমাদের ও চীনের মাঝে যোগাযোগের দায়িত্বে যারা মধ্যস্থতাকারী হিসেবে ছিল, হয়তো তারা বিষয়গুলো চীনা দলকে সঠিকভাবে বোঝাতে পারেনি।’
এর আগে এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় শেষ পর্যন্ত বল গড়ায়নি মাঠে। তবে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে জ্যোতি-নাহিদিরাই সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়ে যায়।

স্পোর্টস ডেস্ক