ফ্রান্সের তিন দশকের ‘অভিশাপ’ দূর করলেন জিদান
তুরস্কের বিপক্ষে যেকোনো বিচারেই ফেভারিট ফ্রান্স। এমন ম্যাচে ফরাসিরা যে জিতবে, সেটি অনুমেয়ই ছিল। তবে ম্যাচটি এতোটা সহজও ছিল না। কারণ এই ম্যাচ ঘিরে ছিল অন্যরকম অভিশাপ। তাই ফ্রান্সের ডাগআউটে নিজের অভিষেক ম্যাচেই কঠিন পরীক্ষার মধ্যে পড়েছিলেন জিনেদিন জিদান। সেই পরীক্ষায় অবশ্য সফল তিনি।
শুক্রবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। ম্যাচে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য গোল করার পর বেশি সময় মাঠে থাকতে পারেননি তিনি। চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে।
ম্যাচ শেষে এমবাপ্পের চোটের আপডেট জানিয়ে জিদান জানিয়েছেন, নেশন্স লিগের আগামী দুই ম্যাচে পাওয়া যাবে না এমবাপ্পেকে। দলের সেরা তারকাকে ছাড়া বাকি দুই ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে ফ্রান্সকে। তবে প্রথম পরীক্ষায় সফল তিনি।
তুরস্ককে হারিয়ে ফ্রান্সে জিদানের নতুন অধ্যায়টা শুরু হলো জয় দিয়ে। তুরস্কের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ৩২ বছর পুরোনো অভিশাপ কাটিয়েছেন জিদান। ফ্রান্সের কোচ হিসেবে গত ৩২ বছরে নিজের প্রথম ম্যাচ জিততে পারেননি কোনো কোচ। অবশেষে ঘুচল সেই জয়খরা।
জিদানের আগে সর্বশেষ ফ্রান্সের কোচ হিসেবে প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন আইমে জ্যাক। আইমে জ্যাকের সঙ্গেও অদ্ভুত সম্পর্ক রয়েছে জিদানের। ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্সের ডাগআউটে দায়িত্ব শুরু করেছিলেন তিনি। জিদানের অধীনে ফ্রান্সও জিতেছে ১-০ গোলের ব্যবধানে। আরেকটি সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে। আইমে জ্যাকের অধীনেই ফ্রান্স জাতীয় দলে অভিষেক হয়েছিল জিদানের।
আইমে জ্যাক ও জিদানের মাঝে আরও পাঁচজন কোচ ফ্রান্সের ডাগআউটের দায়িত্ব নিয়েছেন। তবে একজনও জয় দিয়ে দায়িত্ব শুরু করতে পারেননি। এর মধ্যে চারজন ড্র দিয়ে যাত্রা শুরু করেছেন, বাকি একজন হেরে যাত্রা শুরু করেছেন ফ্রান্সের।

স্পোর্টস ডেস্ক