মেসি পরবর্তী যুগে কি বদলে যাবে আর্জেন্টিনার খেলার ধরন?
আর্জেন্টিনা ফুটবলে শুধু বর্তমানই নয়, যেকোনো সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রায় সব শিরোপা জিতে এবার তিনি জাতীয় দলের জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মেসি পরবর্তী যুগে কেমন হবে আর্জেন্টিনার খেলার ধরণ সমর্থকদের মনে সেটি ছিল বড় প্রশ্ন।
মেসিকে ছাড়া প্রথম পরীক্ষার আগে সেই প্রশ্নের উত্তরটাও দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, মেসি না থাকলেও খেলার ধরণে কোনো পরিবর্তন আনছেন না তিনি। পুরোনো ধাঁচের ফুটবলই খেলতে চান স্কালোনি।
২০৩০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। ফলে বিশ্বকাপে কোয়ালিফাই করার কোনো চাপ তাদের। ফলে আসন্ন ম্যাচগুলোকে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন স্কালোনি। নতুনদের সুযোগ দিয়ে খেলার ধরণ ঠিক রেখে নতুন কৌশল খুঁজতে চান তিনি।
মেসির অবসর নেওয়ার পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে কর্ডোবায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্কালোনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা ভিন্ন উপায়ে খেলার একটি উপায় খুঁজে বের করব। এই ম্যাচগুলোর মূল উদ্দেশ্যই হলো নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করা। তবে বলের নিয়ন্ত্রণ বজায় রাখা এখনো আমাদের মূল খেলার ভিত্তি। সেখান থেকে দেখা যাক আমরা কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই।’
মেসির মতো একজন কিংবদন্তির বিকল্প খুঁজে পাওয়া মোটেও সহজ কাজ নয়। আন্তর্জাতিক ফুটবলে ১২৫টি গোল করে মেসি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে অধিষ্ঠিত। তাই মেসির বিকল্প খোঁজার কোনো পরিকল্পনাও নেই স্কালোনির।
এদিকে, মেসি না থাকায় পরিবর্তন আসছে আর্জেন্টিনার নেতৃত্বে। মেসি ও নিকোলাস ওটামেন্দির পর নেতৃত্বের প্রথম পছন্দ ক্রিশ্চিয়ান রোমেরো। এরপর দলের অভিজ্ঞ তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও স্টাইকার লাউতারো মার্টিনেজকে রাখা হয়েছে নেতৃত্বের তালিকায়।

স্পোর্টস ডেস্ক