ভালো শুরুর পরও ব্যাটিং ধস বাংলাদেশের
আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যে ম্যাচের ভেন্যূ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দলের একটি অংশ। মূল ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আরব আমিরাতের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।
আজ রোববার (৪ অক্টোবর) আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। তবে হঠাৎ করেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন মুশফিকুর রহিমরা।
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বেশ কয়েক দিন ধরেই অসুস্থ তিনি। যে কারণে এখনো আরব আমিরাতের বিমান ধরতে পারেননি তিনি। ফলে নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ দল। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, দিনের প্রথম সেশন শেষে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৯০ রান যোগ করে ফেলে বাংলাদেশ। তবে ম্যাচের চিত্র বদলে যায় দিনের দ্বিতীয় সেশনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করেছে ১৬৪ রান। তবে উইকেট হারিয়েছে ৬টি। অর্থাৎ দ্বিতীয় সেশনে ৭৪ রান তুলতেই ৬ উইকেট নাই বাংলাদেশের।

স্পোর্টস ডেস্ক