রোনালদো-জেসুস দ্বন্দ্বে এবার জর্জিনার নাম
জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কোচের দ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয়। বিশ্বের বিভিন্ন দলের ক্ষেত্রেই এমন ঘটনা বহুবার ঘটেছে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগালের কোচের সাম্প্রতিক দ্বন্দ্ব এবার যেন অন্য মাত্রা পেয়েছে।
জাতীয় দলের কোচ জর্জ জেসুস ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্কের টানাপোড়েন এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। সেই বিতর্কে এবার জড়িয়ে পড়েছে রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজের নামও।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচের এক দিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যান রোনালদো। পরে তিনি জানান, কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেই আসল কারণ খুব শিগগিরই প্রকাশ করবেন। তার এই বক্তব্যের পর অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা। তবে পর্তুগাল ফুটবলে রোনালদোর গুরুত্ব এতটাই বেশি যে, তাকে ঘিরে আলোচনা গড়িয়েছে দেশটির সংসদ পর্যন্ত।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জেসুসকে ঘিরে বিতর্কিত একটি পোস্ট শেয়ার করেন জর্জিনা। যদিও পরে সেটি মুছে ফেলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নামে একটি বক্তব্যের পোস্ট শেয়ার করেছিলেন জর্জিনা। ওই বক্তব্যে রোনালদোকে সামলানোর ক্ষেত্রে জেসুসের পদ্ধতির সমালোচনা করা হয়েছিল। পরে অবশ্য জানা যায়, ফার্গুসন আদতে এমন কোনো মন্তব্যই করেননি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত পোস্টটি সরিয়ে নেন জর্জিনা।
জর্জিনার শেয়ার করা সেই পোস্ট করা ফার্গুসনের বিবৃতিতে বলা হয়েছিল, ‘জেসুস যদি জানতেন যে তিনি রোনালদোকে খেলাবেন না, তাহলে তাকে দলে ডাকার প্রয়োজন কী ছিল? তাকে নিয়ন্ত্রণ করে কি নিজের কর্তৃত্ব দেখাতে চেয়েছিলেন? এটা নেতৃত্ব নয়, বরং নিরাপত্তাহীনতার প্রকাশ।’
সেখানে জেসুসকে নিয়ে আরও একটি বিতর্কিত মন্তব্যও জুড়ে দেওয়া হয়েছিল, ‘আমি জানি না এই মানুষটি কীভাবে খ্রিষ্টের নাম ধারণ করে।’
এদিকে নরওয়ের বিপক্ষে জয়ের মাধ্যমে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর জেসুস রোনালদোর সঙ্গে সাম্প্রতিক ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে রোনালদোর জাতীয় দলে ফেরার পথও খোলা রাখার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগুইরে জেসুসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, পর্তুগিজ অধিনায়কের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক