আউট করেও যে কারণে উইকেট পাননি হাসান
রানআপ শুরু করলেন হাসান মাহমুদ। দৌড়ে এসে গুড লেংথের দুর্দান্ত এক ডেলিভারি ছুড়লেন। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ল উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন বোলার ও ফিল্ডারদের। কিন্তু আম্পায়ার নির্বিকার, সাড়া দিলেন না। বাংলাদেশও নিল না রিভিউ। কীভাবে হলো এমন ভুল? অবিশ্বাস্য!
হাসানের করা ২য় ওভারে আফগান ব্যাটার সেদিকউল্লাহ অটলের ব্যাট ছুঁয়ে বল লিটনের গ্লাভসে জমা পড়লেও আউটের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। বাংলাদেশ রিভিউ না নেওয়ায় প্রথমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজে স্পষ্ট স্পাইক ছিল। অর্থাৎ, বল ব্যাটের কানায় লেগেছিল নিশ্চিতভাবেই।
কিন্তু একই সময়ে ব্যাটের সঙ্গে প্যাডের সংস্পর্শে বিভ্রান্ত হয়ে পড়েন বাংলাদেশের মাঠে থাকা ফিল্ডাররা। ফলে রিভিউ নেওয়ার সিদ্ধান্তও আর আসেনি। এতে শুরুতেই উইকেট পাওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।
এর আগে হাসানের করা আগের ওভারেই রিভিউ নিয়েছিল বাংলাদেশ। যদিও সে ক্ষেত্রে বল ব্যাটের ধারেকাছেও যায়নি। বল ব্যাটসম্যানের প্যাডে লেগে কিপারের কাছে যায়। আগের রিভিউয়ে ব্যর্থ হওয়ার প্রভাব কি এবার সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছিল? প্রশ্নটা থেকেই যায়।
তবে সেই আক্ষেপ দীর্ঘায়িত হতে দেননি হাসান। ১০ ওভার ২ বলের মাথায় সেদিকউল্লাহ অটলকেই ফিরিয়ে দেন তিনি। এতে আগের বলে উইকেট না পাওয়ার হতাশা কিছুটা হলেও মুছে যায় বাংলাদেশের এই পেসারের।

স্পোর্টস ডেস্ক