জ্যোতি ও সোবহানার শত রানের পার্টনারশিপ
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী দলের। সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে নিগার সুলতানা জ্যোতির দল। তবে শুরুতে ৮ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি। দুজনের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ইনিংস, গড়েছে শতরানের জুটি।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতে একে একে ফিরে যান ফারজানা হক পিংকী, শারমিন সুলতানা ও শারমিন আক্তার। মাত্র ৭.২ ওভারে ৮ রান তুলতেই ৩ উইকেট হারায় দলটি। এর মধ্যে ১৩ বল খেলে শূন্য রানে আউট হন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক। ওয়ানডেতে এটি তাঁর ১২তম ডাক, যা বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
এমন কঠিন পরিস্থিতিতে ক্রিজে এসে প্রতিরোধ গড়েন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার বোলারদের সামলে ধৈর্য ধরে ব্যাটিং করে দলকে বিপর্যয় থেকে বের করে আনেন তাঁরা। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
এই রিপোর্ট লিখা পর্যন্ত ৪৪.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৬১ রান। সোবহানা মোস্তারি ১২৩ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ১১টি চার। অন্যদিকে অধিনায়ক জ্যোতি ১০৫ বলে ৫৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।
শুরুতে দ্রুত তিন উইকেট হারানোর পর জ্যোতি ও সোবহানার এই শতরানের জুটি বাংলাদেশের ইনিংসে স্বস্তি ফিরিয়েছে। একদিকে সোবহানার সাবলীল ব্যাটিং, অন্যদিকে জ্যোতির দায়িত্বশীলতা, দুইয়ে মিলে ঘুরে দাঁড়ানোর ভিত পেয়েছে বাংলাদেশ। শুরুতে যেখানে বড় ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছিল, সেখানে এই জুটি দলকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যাওয়ার আশা দেখিয়েছে।

স্পোর্টস ডেস্ক