এশিয়া কাপ আর্চারিতে জোড়া ফাইনালে বাংলাদেশ
ইরাকের সুলায়মানিয়াহ শহরে বসেছে এশিয়া কাপ আর্চারির এবারের আসর। যেখানে দারুণ সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের দুটি ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফলে ফাইনালের মঞ্চে ভালো করতে পারলেই মিলবে জোড়া সোনার পদক।
আজ সোমবার (২৬ অক্টোবর) সেমিফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল ও কম্পাউন্ড নারী দল। পুরুষ দল উড়িয়ে দিয়েছে শক্তিশালী উজবেকিস্তানকে আর নারী দল শ্রীলঙ্কাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।
পুরুষ দল উজবেকিস্তানকে কোনো সুযোগই দেয়নি। আবদুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফির দারুণ পারফরম্যান্সে একপেশে হয়ে যায় ম্যাচ। ৬–০ সেট পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল।
তবে শ্রীলঙ্কার সঙ্গে নারী দলের লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত অবশ্য লঙ্কানরা লড়াই করেও বাংলাদেশকে থামাতে পারেনি। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও মোসা. কুলছুম আক্তার মনির দারুণ নৈপূণ্যে ১৪ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন সাগর-আলিফরা। পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে লড়বেন বন্যা-কুলসুমরা। কাজাখস্তানের পুরুষ ও নারী দলও স্বাগতিক ইরাককে হারিয়ে ফাইনালে উঠেছে।

স্পোর্টস ডেস্ক