মিরপুর টেস্ট
শুরু হলো দ্বিতীয় দিনের খেলা, অপেক্ষা সাদমানের সেঞ্চুরির
মিরপুর টেস্টের প্রথম দিনটা গেছে বেশ নাটকীয়তায় ভরা। প্রথম সেশনটা ভাগাভাগি করেছে দুই দল, দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। আর তৃতীয় সেশনে হয়েছে আলো-আঁধারীর খেলা। আলোকস্বল্পতার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হলেও তার স্থায়ীত্ব হয় মোটে ৪ ওভার। এরপর আবারও আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। তবে আর শুরু হয়নি। প্রায় আধাঘন্টা অপেক্ষার পর দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।
গতকাল দারুণ খেলে সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার সাদমান ইসলাম। ২১৯ বল খেলে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের ভরসার প্রতীকও তিনিই।
প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে (২৩ বলে ৭) হারায় বাংলাদেশ। এরপর উইকেটে থিুত হয়েও ফিরে অভিজ্ঞ মুমিনুল হক (৫১ বলে ২৮) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪২ বলে ১৯)। এছাড়াও পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় (৮৪ বলে ৪২)*।

ক্রীড়া প্রতিবেদক