মাঠে আঘাত পেয়ে না ফেরার দেশে স্প্যানিশ স্ট্রাইকার
মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল স্প্যানিশ স্ট্রাইকার হেসুস মিয়েলকে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ত্রিশ বছর বয়সী এই ফুটবলার।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্পেনের ক্লাব তেনেরিফে এক বিবৃতির মাধ্যমে হেসুস মিয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
দুর্ঘটনাটি ঘটেছিল গত সোমবার সেগুন্দা ডিভিশনের ম্যাচে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল তেনেরিফে ও আন্দোরা। ম্যাচটি তখন ২-২ গোলে সমতায় ছিল। ফলে খেলা গড়িয়েছিল যোগ করা সময়ে—সপ্তম মিনিটে ঘটে এই ঘটনা।
সে সময় মাঝমাঠের দিকে বাড়ানো লম্বা বল ক্লিয়ার করার জন্য নিজেদের গোলপোস্ট ছেড়ে অনেকটা সামনে এগিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক জেসুস ওনো। হেডের জন্য লাফিয়ে ওঠা ওনোর হাঁটুর আঘাত লাগে হেসুস মিয়েলের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে জ্ঞান হারান মিয়েল।
মাঠেই পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক অবস্থায় স্প্যানিশ গণমাধ্যমে তার জ্ঞান ফেরার কিছু স্বস্তিদায়ক খবর এলেও আর মাঠে ফেরা হলো না মিয়েলের।
হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে সেই পাঞ্জায় হেরে চিরতরে বিদায় নিলেন হেসুস মিয়েল।
একজন প্রতিশ্রুতিশীল ফুটবলারের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু পুরো স্প্যানিশ ফুটবল অঙ্গনকে স্তব্ধ করে দিয়েছে। মিয়েলের এই অকালপ্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ স্পেনের ছোট-বড় অনেক ক্লাব।

স্পোর্টস ডেস্ক