আইনের সহায়তা নেব, মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে কামরুল
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি নির্বাচনী এলাকার ভোটার নন। এ ব্যাপারে কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থী হতে এসেছিলাম। এটা আমার জন্য খুব দুঃখজনক। আমি ডিওএইচএস এলাকায় থাকি বলে আমার মনোনয়ন বাতিল করা হলো। আমার যে ভোটার তালিকা আছে, ২ নম্বর ওয়ার্ড ও সিটি করপোরেশন দেখানো হয়েছে। সেহেতু আমি যোগ্য ভোটার হিসেবে জমা দিয়েছি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ভবনে উত্তর সিটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ কথা বলেন কামরুল ইসলাম।
কামরুল আরো বলেন, ‘এখন আমি আইনের সহায়তা নেব। আমি অবশ্যই আইনি প্রক্রিয়ায় যাব। আমি নির্বাচন করার জন্য এসেছি। সাধ্যমতো চেষ্টা করব থাকতে।’
এর আগে মনোনয়নপত্র বাতিলের ব্যাপারে কামরুল ইসলামের উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আপনার (জি এম কামরুল ইসলাম) মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।’
রিটার্নিং কর্মকর্তা জানান, যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে, তাঁরা আগামী তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের আবেদন করতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তা ঘোষিত উত্তরের বৈধ মেয়র প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ ও বিএনপিসহ দলীয় সাত প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সাত মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান, এনপিপির বাহারানে সুলতান, গণফ্রন্টের আবদুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক