আমদানি কম, তাই পেঁয়াজের বাজার চড়া
আমদানি কমে যাওয়ায় এবং পেঁয়াজ ব্যবসায়ীদের হয়রানি করার প্রভাবে পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি করেছে চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
আজ সোমবার পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। পাকিস্তানের পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি সর্বোচ্চ ১৯০ টাকা, মিয়ানমার ও মিসরের ১৮০ টাকা, চীনের ১১০ টাকা।
গত কয়েকদিনের মধ্যে পেঁয়াজের বাজার লাগামহীন হয়ে পড়ছে বলে মনে করছেন সেখানকার ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী মিন্টু সওদাগর বলেন, ‘গত দুই দিনে যে দর ছিল তার চেয়ে আজ ২০ টাকা বেড়েছে। আমাদের চাহিদা দৈনিক এক হাজার মেট্রিক টন, আসতেছে ৩০০ মেট্রিক টন। এই যে ঘাটতি এর কারণে দাম বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিয়েছেন। আর তাঁরা বলেছেন, ব্যবসা করে যদি হয়রানি বা বেইজ্জতি হতে হয় তাহলে ব্যবসা করব কেন? আমাদের দেশীয় পেঁয়াজ আসবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। তখন দাম কমবে।’
খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘যেটা আমি জানতে পেলাম টেকনাফের বেশ কয়েকজন ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের আগামীকাল মঙ্গলবার ঢাকায় ডাকা হয়েছে। এ কারণে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তো এটার কারণে আমাদানিতে একটু প্রভাব পড়তে পারে।’

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম