ইভিএমে নির্বাচন সুষ্ঠু হবে : সিইসি
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সিইসি বলেন, ‘ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে ভোট সুষ্ঠু হবে। যার ভোট সেই দিতে পারবেন, অন্য কেউ দিতে পারবেন না। একবার ভোট দিলে আর দেওয়া সুযোগ নেই। এই অবস্থানগুলো নিশ্চিত করার জন্যই আমরা ইভিএমে ভোটগ্রহণ করছি।’
আগামী ১৩ জানুয়ারি এ আসনের ১৮৯টি কেন্দ্রে ইভিএমে ভোট হবে। এখানে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৯৮৮। গত ৭ নভেম্বর সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়। এখানে আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনের উপনির্বাচনকে সামনে রেখে আজ বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার।
কে এম নূরুল হুদা বলেন, ‘আমি যেসব কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছি তাঁরা বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। প্রার্থীদের মধ্যে কোনো সংঘাত বা মনোমালিন্য তাঁরা এখনো পর্যন্ত দেখেননি। সুতরাং নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে।’
সিইসি আরো বলেন, ‘আমি গতকাল মঙ্গলবার বোয়ালখালীতে যাওয়ার পথে রাস্তার পাশে নেমে স্থানীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, পরিবেশ অত্যন্ত সুন্দর আছে। সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তাঁরা বলেছেন, প্রার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ‘ইভিএমে ভোটগ্রহণ ও ভোট দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্টরা এরই মধ্যে প্রযুক্তিগত ধ্যান-ধারণা লাভ করেছেন।’ সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচনে ভোটাদের ভারো উপস্থিতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইদুল ইসলাম, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাছানুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম