‘কত বড় ধর্ষক তুই’ বলেই মজনুর কান মলে দিলেন আইনজীবী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।
রিমান্ড শুনানির পর পর আদালতের এজলাসকক্ষে এম এ আকন্দ নামের এক আইনজীবী ‘কত বড় ধর্ষক তুই, দেখিরে’ বলেই মজনুর কান মলে দেন। পরে উপস্থিত পুলিশ সদস্যরা সেই আইনজীবীর হাত সরিয়ে নেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আবু এনটিভি অনলাইনকে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মজনুকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরের উপকমিশনার মশিউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মজনুর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আজ দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ গ্রেপ্তার হওয়া মজনুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এর পরে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর শ্যাওড়া রেলক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে মামলা তদন্তে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে হস্তান্তর করা হয়।
এদিকে ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওএসসিসি) চার দিন চিকিৎসা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে ছাড়পত্র দেওয়া হয়।

শুভ্র সিনহা রায়